30/07/2026
বেতাগীতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ আস-সুন্নাহ ফাউন্ডেশনের
প্রকৃতির সবুজ চাদরে মুড়ে দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে বরগুনার বেতাগীতে সম্পন্ন হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি। দেশব্যাপী দুই লক্ষ বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে এই উপজেলায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ফলজ গাছের চারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুই হাজার ৮শতটি ফলজ চারা বিতরণ করা হয়। সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরিফুর রহমান আরিফের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আরিফুর রহমান আরিফ এবং বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসাইন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানবিক ও সামাজিক কল্যাণের পাশাপাশি পরিবেশ রক্ষায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ একটি অনন্য দৃষ্টান্ত। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাঁরা এই আয়োজনের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। শিক্ষার্থীদের মাধ্যমে বেতাগীতে রোপিত ও বিতরিত এই চারাগুলো একদিন ছায়াঘেরা বিশাল বৃক্ষে পরিণত হবে। যা শুধু প্রকৃতি ও পরিবেশের ভারসাম্যই রক্ষা করবে না, বরং সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়কে আরও একধাপ এগিয়ে নেবে।
অনুষ্ঠানের আয়োজক সহকারী অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট আরিফুর রহমান বললেন, ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ূ পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এবং একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ কেবল গাছ বিতরণ নয়, বরং শিক্ষার্থীদের মাঝে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার একটি অনন্য প্রয়াস।