16/01/2016
ছেলেটি,,,,,,
ছেলেটি ছোটবেলা থেকেই একা থাকতে ভালবাসে। বন্ধুবান্ধবছিল তার হাতে গোনা। বাবা মানুষের সাথে মিশতে দিত না। তাই সে একাই একাই নিজের সাথে কথা বলতো। সে এখন একাই থাকা শিখে গেছে। তার মধ্যে একটা বদ্ধমূল ধারনাই জন্মে গেছে। একাই ধাকাই বুঝি জীবনের অনেক বড় সুখ।
ছেলেটি খেলতে ভালবাসতো। কিন্তু বাবা মা তাকে খেলতে দিতে চাইতো না। সময় নষ্ট হবে বলে। তাই সে সুযোগ পেলেই চুরি করে খেলতে চলে যেত। কিন্তু হ্যায়, বাবা তাকে খেলার মাঠ থেকে ধরে আনতো। তাই সে এখন একাই খেলে। নিজে নিজেই নিজের সাথে দৌড়ঝাঁপ করে খেলার আনন্দ মেটায়।
ছেলেটি পড়তে ভালবাসতো। ছেলেবেলার একজনকে তার ভাল লাগতো। তার ধারনা ছিল। ভাল লেখাপড়া করলে, ভাল রেজাল্ট করলে তাকে হয়তো পাওয়া যাবে। তাই সে শুধু পড়াশুনাই করতো। বাবা মা এর কোন কূল কিনারা খুঁজে পেত না। ছেলে আমাদের এত পড়াশুনা করে কেন। কিন্তু জীবনে ভাল রেজাল্ট করলেও সে কখনো
মেয়েটিকে পায় না। মেয়েটি এখন অন্যের ঘরের ঘরনী।
ছেলেটি বাড়িতে সবসময় বাবার ভয়ে থাকতো। বাবা নামটাই তার জীবনে ছিল এক ভয়ের নাম। মা'র সাথে যদিও সে খুঁনশুটি করতো, আনন্দে থাকতো কিন্তু বাবা বাড়িতে আসলেই সে মায়ের আঁচলের নীচে লুকিয়ে যেত। যেন বাড়িতে এখনি নিঝুম সন্ধ্যা নামলো। যেখানে পাখিদের কোন কলরব নেই। বাড়িটা কেমন জানি শান্ত নীরব হয়ে যেত।
ছেলেটি ছোটবেলা থেকেই কথা কম বলতো। কিছুটা গম্ভীর টাইপের, কথাবলার সাহস পেত না। তার নিজের কখনো ইচ্ছা, স্বাধীনতা, চাহিদা ছিল না। যা খেতে বলতো, তাই খেত। যা পরতে বলতো, তাই পরতো। তার নিজের ইচ্ছা, মনের কথা কেউ কখনো জানার চেষ্টা করতো না। তার মনকে সে এই বলে সান্ত্বনা দেয়, তার কোন চাহিদা থাকতে নেই। তাকে এভাবেই বড় হতে হবে।
ছেলেটি বাবা'র কাছে কোনদিন কিছু চাইতো না। যা চাওয়া পাওয়া মাকে'ই সব খুলে বলতো। মা'ই ছিল তার একমাত্র আপনজন। যদি কোন একসময় বাবার কাছে ভয়েভয়ে কিছু চাইতো। বাবার কাছ থেকে সে কখনো হ্যা, শোনেনি। সারাজীবন সে একটি কথাই শুনে এসেছে। নাই এখন। তোমার এত চাওয়া পাওয়া কেন।
জীবনের চড়াই উৎরাই পেরিয়ে ছেলেটি এভাবেই বেড়ে ওঠে। কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। জীবন থেমে থাকে না, জীবন চলে জীবনের নিয়মে। জীবন এখন তো স্বাধীন। মন যা চায় তাই করছে, বাঁধা দেওয়ার কেউ নেই, ভাল মন্দ বলার মত কেউ নেই। এখন আর কোনকিছু করতে কোন বাঁধা নেই। মাঝেমাঝে মনেহয় বাবার কঠিন শাসনই তো ভাল ছিল।
যে ছেলেটি বাবা'র শুধু কঠিনত্বই দেখেছে, ভালবাসা বুঝতে পারে নি। সেই ছেলেটিই এখন বাবা'র আদরের সন্তান। বাবা মাথায় হাত বুলিয়ে বলে দেখিস, তুই একদিন অনেক বড় হবি। বাবা-মা কখনো খারাপ হয় না। বাবা-মা মাঝেমাঝে অনেক কঠিন হয় কিন্ত সেটা সন্তানের ভালোর জন্যই, এটা বুঝতে ছেলেদের অনেক বেশিই সময় লেগে যায়।
বাবা'রা ভাল থাকুক সবসময়।
-শামসুজ্জোহা বিপ্লব,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।