07/08/2026
স্বপ্নের রোজনামচা : ২০ জানুয়ারী ২০২৪, রাত।
স্বপ্নগুলো বন্দীশালায়
মুক্ত তাদের করতে হয়।
অস্পৃশ্য স্বপ্নগুলো
ছুঁয়েও কভু দেখতে হয়;
অদৃশ্য স্বপ্নগুলোয়
চোখ মেলে তাকাতে হয়।
স্বপ্নগুলোর চেতন মশাল
চোখের তারায় জ্বালতে হয়।
স্বপ্নগুলোর প্রতিষ্ঠাতে
নতশিরে চলতে হয়;
অবমানিত স্বপ্নগুলোর
উর্ধ্ব-শিরেও চলতে হয়।
বর্ষাকালের স্বপ্নগুলো, শীতকালেও দেখতে হয়।
বসন্তবর্ণ স্বপ্নে কি-না, খাঁখাঁ রোদেই ঘুরতে হয়।
সকালবেলার চাঙ্গা স্বপ্নে
আড়মোড়াটা ভাঙ্গা যায়;
রাত্রিকালেও দিবাস্বপ্নে
ঘুমটা আবার ভেঙে যায়।
স্বপ্নগুলো মুঠোয় করে ঘুরতে হয়,
স্বপ্নগুলোয় ফাঁকা পকেট ভরেও ঘুরতে হয়।
স্বপ্নগুলো সঙ্গোপনে রাখতে হয়,
স্বপ্নগুলো কখনো কখনো
সাহস নিয়ে বলতে হয়।
স্বপ্নগুলো চারার মত, পরিচর্যা করতে হয়।
স্বপ্নগুলো বীজের মত, ছড়িয়ে ছিটিয়েও বুনতে হয়!
স্বপ্নগুলো মাথায় কাঁধে বইতে হয়,
কখনো কখনো বগলদাবাও করতে হয়।
স্বপ্নগুলো ব্যর্থতার নির্যাসে ভরা;
স্বপ্নগুলো সফলতার উপহারে গড়া।
স্বপ্নগুলো আকাশ হতে নিত্য বয়;
স্বপ্নগুলো জমিন হতেও
কুড়িয়ে কুড়িয়ে নিতে হয়।
স্বপ্ন-পোড়া ছাইয়ের গাদায়,
কুঁড়ি গজিয়ে উঠতে হয়।
স্বপ্নরা রোজ মরে যায়,
তবুও রোজ বাঁচতে হয়। #ঝংকার