12/06/2024
নতুন শিক্ষাক্রম এর ভিত্তি হল অভিজ্ঞতাভিত্তিক শিখন। তাই এ অভিজ্ঞতাভিত্তিক শিখন সম্পর্কে শিক্ষক ও অভিভাবক সবাইকে ধারণা রাখতে হবে।
অভিজ্ঞতাভিত্তিক শিখন বলতে এমন শিখন কার্যক্রম কে বোঝায়, যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে সঠিক জ্ঞান, দক্ষতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারে। এই শিখন পদ্ধতিতে ৪ টি পর্যায় বা ধাপ রয়েছে।
নতুন কারিকুলামে শিখন কার্যক্রম মানসম্মত ও ফলপ্রসূ করতে হলে একজন শিক্ষককে প্রথমে হৃদয়াঙ্গম করতে হবে -শিখন চক্রের ৪টি ধাপ। কেননা এই পদ্ধতি পূর্বের মতো মুখস্থ পদ্ধতি নয়। একটা শিট দিয়ে দিলেন বাসা/বাড়িতে ছাত্র/ছাত্রী মুখস্থ করে পরদিন আপনাকে পড়া দিলো-ব্যাপারটা এমন নয়। এখনকার পদ্ধতি হচ্ছে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিখন। ফলে তার শিখন হবে স্থায়ী,বাস্তব এবং জীবনের সাথে সম্পর্কিত।
অভিজ্ঞতাভিত্তিক শিখন চক্রের ৪টি ধাপ :-
===প্রেক্ষাপট_নির্ভর_শিখন/অভিজ্ঞতা=====
যা শিখাবেন তার উপর একটা প্রেক্ষাপট (Situation) উপস্থাপন করতে হবে - কোনো ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বা, অডিও ডিভাইস ব্যবহার করে বা, কোনো ছবি দেখিয়ে বা, বোর্ডে কোনো ছবি এঁকে বা, সরাসরি বাস্তব কোনো প্রেক্ষাপটে নিয়ে গিয়ে। পাঠের উপর ভিত্তি করে শিক্ষক নিজের আই.কিউ ব্যবহার করে প্রেক্ষাপট তৈরি করবেন। ঐ প্রেক্ষাপট থেকে শিক্ষার্থী কিছু অভিজ্ঞতা অর্জন করবে।
=====প্রতিফলনমূলক_পর্যবেক্ষণ=====
শিক্ষার্থী প্রেক্ষাপট থেকে যা ধারণা অর্জন করলো তা খাতায় লিখে বা, মৌখিক বর্ণনা দিয়ে বা, ছবি এঁকে বা পোস্টার পেপার ব্যবহার করে গ্রুপে বা জোড়ায় জোড়ায় কাজের মাধ্যমে বা এককভাবে উপস্থাপন করবে মাইন্ড ম্যাপিং য়ে বোর্ড ব্যবহার করবে।
=======বিমুর্ত_ধারণায়ন========
সহপাঠীদের উপস্থাপনা বা তাদের ধারণা শুনে শিক্ষার্থী পূর্বে অর্জিত অভিজ্ঞতার বিষয়ে কমতি থাকলে বা ভুল ধারণা থাকলে তা সংশোধন করবে। সহপাঠী সতীর্থদের সহযোগিতায় এবং শিক্ষকের সহায়তায় তার ধারণা কারেকশন করে নিতে পারবে। তখন উক্ত বিষয় সম্পর্কে তার ধারণা পূর্ণাঙ্গ হবে। সে বিষয়টি নির্ভুলভাবে বা পরিপক্বতার সাথে তখন উপস্থাপন করবে।
======সক্রিয়_পরীক্ষণ========
অতঃপর শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান দিয়ে বাস্তব পরীক্ষণ করবে। যে কোনো প্রেক্ষাপটে তার উক্ত জ্ঞান প্রয়োগ করে বাস্তব সমস্যার সমাধান করতে পারবে।
যেমন- গনিতের কোনো সূত্র উক্ত পদ্ধতিতে শিখলে তা ব্যবহার করে বইয়ের অনুশীলনীর যে কোনো সমস্যা যেমনি সহজে সমাধান করতে পারবে, তেমনি বইয়ের বাহিরের যে কোনো সমস্যাও তার সমাধান করতে বেগ পেতে হবে না।