27/02/2026
সাকিব আল হাসানের ভক্তদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman বরাবর আমাদের খোলা চিঠি ও আকুল আবেদন।
প্রতি,
মাননীয় প্রধানমন্ত্রী,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মাননীয় প্রধানমন্ত্রী,
বিনীত শ্রদ্ধা ও শুভেচ্ছা গ্রহণ করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আপনাকে অভিনন্দন জানাই। আমরা 'সাকিবিয়ান' পরিবারের পক্ষ থেকে আজ এক বুক আশা নিয়ে আপনার নিকট এই খোলা চিঠি লিখছি। আপনি সর্বদা দেশের উন্নয়ন ও সম্মানের অগ্রযাত্রায় আপসহীন নেতৃত্ব দিয়ে আসছেন।
আজ দেশের ক্রিকেট যখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তখন আমরা একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমাদের প্রাণের খেলোয়াড় সাকিব আল হাসানকে নিয়ে আপনার হস্তক্ষেপ প্রার্থনা করছি।
কেন সাকিবের ফেরা দেশের স্বার্থে জরুরি, সে বিষয়ে আমাদের কিছু নিবেদন:
সাকিব আল হাসান কেবল একজন খেলোয়াড় নন, তিনি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের একটি ব্র্যান্ড। দীর্ঘ দুই দশক ধরে তিনি লাল-সবুজের পতাকাকে বিশ্বদরবারে উঁচিয়ে ধরেছেন। তার উপস্থিতি মাঠে আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।
বর্তমান দলে অনেক নতুন প্রতিভার বিকাশ ঘটছে। সাকিবের মতো একজন কিংবদন্তির সান্নিধ্য এই তরুণদের পরিণত খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে অপরিহার্য। অলরাউন্ডার হিসেবে সাকিবের যে সামর্থ্য, তার কোনো যোগ্য বিকল্প এখনো তৈরি হয়নি। বড় টুর্নামেন্টগুলোতে তার অভাব আমরা প্রতিটি মুহূর্তে অনুভব করছি।
মাননীয় প্রধানমন্ত্রী,
আমরা বিশ্বাস করি, আইনের শাসন ও সঠিক প্রক্রিয়ার মাধ্যমে সাকিবের নিরাপত্তা ও দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করা সম্ভব। দেশের স্বার্থে, ক্রিকেটের স্বার্থে এবং বাংলাদেশের বিশ্বজয়ের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে সাকিব আল হাসানকে আবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখার সুযোগ করে দিন।
আমরা আপনার সদয় বিবেচনার অপেক্ষায় রইলাম।
বিনীত,
সাকিবিয়ান পরিবারের সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে
মোঃ শাহরিয়ার ইমন
প্রেসিডেন্ট, টিম সাকিবিয়ান।