23/09/2026
ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থীদের জন্য ৪২টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালা অনুযায়ী, এবার ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, চেয়ারম্যান পদে ২০টি, সাধারণ সদস্য পদে ১২টি এবং সংরক্ষিত সদস্য পদে ১০টি প্রতীক রাখা হয়েছে। চেয়ারম্যান প্রার্থীদের জামানত ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীদের জামানত ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে।
এবার কোনো প্রার্থী প্রদত্ত ভোটের ১৫ শতাংশ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। আগে মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট পেলেই জামানত ফেরত পাওয়ার সুযোগ ছিল।
চেয়ারম্যান পদের নির্ধারিত প্রতীকগুলোর মধ্যে রয়েছে—কম্পিউটার, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেলিফোন, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, রেল ইঞ্জিন, সোফা ও হাঁসসহ ২০টি প্রতীক।
সংশোধিত বিধিমালায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো কেন্দ্রে বলপ্রয়োগ, ভয়ভীতি বা কারসাজির কারণে ফলাফল চরমভাবে পক্ষপাতদুষ্ট হলে কেন্দ্রের ফল স্থগিত কিংবা প্রয়োজন হলে নির্বাচন বাতিল করে পুনরায় ভোট নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া নির্বাচনী কাজে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ব্যয়সীমা ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। তবে সাধারণ ও সংরক্ষিত সদস্য প্রার্থীদের ব্যয়সীমা আগের মতো ২ লাখ টাকা রাখা হয়েছে।Bhola News