27/07/2026
স্বপ্নে দেখি, বাংলাদেশ- বাংলাদেশ হয়ে গেছে।
মানচিত্র ছেড়ে চলে গেছে ৪২০ টা শকুন।
পতাকায় পতপতে স্বাধীনতা,
৫৬ হাজার বর্গমাইলে আঁকা লাল সবুজ গ্রাফিত্তি।
স্বপ্নে দেখি, মানুষ হয়ে গেছে- ২০ কোটি মানুষ।
দ্রোহীরা চলে গেছে ক্ষেতে, অফিসে, বিদ্যা নিকেতনে।
স্বপ্নে দেখি পুলিশ, পুরোদস্তুর পুলিশ হয়ে গেছে।
মিথ্যা মামলার অভাবে, সাপলুডু খেলে তরুণ উকিল।
দল নেই, দালাল নেই,
চোর-ছেচর, চাঁদাবাজ নেই।
স্বপ্নে দেখি,
রাজনীতিবিদগণ- রাজনীতিবিদ হয়ে গেছে একেবারে।
তাদের ঠোঁটে জন্মভূমির নাম,
ছুটছে সবাই শহর থেকে গ্রাম।
সাদাসিদে ব্যাংক একাউন্ট,
পকেটে নেই কচকচে নোট।
স্বপ্নে দেখি, আমজনতা এবং রাজা-
হাঁটছে সবাই এক মিছিলে।
এক বাসনে খাচ্ছে সবাই- অবিভক্ত পান্তা ইলিশ।
স্বপ্নে দেখি বাংলাদেশ, বাংলাদেশ হয়ে গেছে।
মানচিত্র ছেড়ে চলে গেছে ৪২০ টা শকুন।
পতাকায় পতপতে স্বাধীনতা,
৫৬ হাজার বর্গমাইলে আঁকা লাল সবুজ গ্রাফিত্তি।
স্বপ্নে দেখি, মানুষ হয়ে গেছে- ২০ কোটি মানুষ।
দ্রোহীরা চলে গেছে ক্ষেতে, অফিসে, বিদ্যা নিকেতনে।
@স্বপ্নে দেখি বাংলাদেশ/সোহেল মাহমুদ।
২২/০৭/২০২৬