02/08/2026
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আকস্মিক পরিদর্শনে এসে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সরকার বলেন, সরকার রেল বিভাগকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, “ঢাকা-সিলেট রেললাইনটি দীর্ঘদিনের পুরোনো। জনগণের স্বার্থে এই রেলপথে কী কী উন্নয়ন করা যায়, তা আমরা পর্যালোচনা করছি। সাধারণ মানুষ যেন আরও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন এবং রেলের সেবার গুণগত মান কীভাবে আরও বৃদ্ধি করা যায়, মূলত সেটিই আমি দেখতে এসেছি।
শনিবার সকালে মন্ত্রী শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের যাত্রী বিশ্রামাগার, টয়লেটের ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং স্টেশনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে সফরসঙ্গী ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহমদ ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন।
মন্ত্রীর সফরসঙ্গী মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন বলেন, “সিলেট অঞ্চলের রেলওয়েকে আরও আধুনিক ও সম্প্রসারণ এবং যাত্রীসেবার মান যাচাই করতেই মূলত আজকের এই পরিদর্শন।” তিনি জানান, এর আগে মন্ত্রী সায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনও পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন, মন্ত্রী মূলত সিলেটের জাফলং পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সফরে এসেছেন।