05/08/2026
গভীর রাতে বসতঘরে চুরি, চোরের আঙুল কামড়ে রেখে দিলেন গৃহবধূ
------------------------------------------------------------------------
ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামে গভীর রাতে একটি বসতঘরে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। চোরকে আটকের চেষ্টা করতে গিয়ে এক গৃহবধূ তার আঙুল কামড়ে ধরেন। পরে সহযোগীদের সহায়তায় চোরটি পালিয়ে গেলেও গৃহবধূর কামড়ে তার আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষ পর্যন্ত দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় চোরের দল।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে গভীর রাতে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে প্রবেশ করে। একপর্যায়ে ঘরের গৃহবধূ চোরদের উপস্থিতি টের পেয়ে একজনকে জাপটে ধরেন। ধস্তাধস্তির সময় তিনি ওই চোরের আঙুল শক্ত করে কামড়ে ধরেন।
তবে অন্য চোরদের সহায়তায় ওই ব্যক্তি গৃহবধূর হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় গৃহবধূর কামড়ে তাঁর আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায় বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।
পালিয়ে যাওয়ার সময় চোরের দল ঘর থেকে দুটি দামি মোবাইল ফোন নিয়ে যায়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
#সংগৃহীত