15/12/2022
জীবনের সেরা কার্যকরী আর্থিক পরামর্শ।
পরিস্থিতি-১
গভীর রাতে আপনি সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর বাসায় ফিরছেন। আপনি খুবই তৃষ্ণার্ত কিন্তু আপনার পানির বোতল খালি।
আপনার বাসা এখনো বেশ দূরে এবং আপনি জানেন যে শীঘ্রই পানি না খেলে, আপনার হাঁটার শক্তিটুকুও থাকবে না।
হাটতে হাটতে হঠাৎ আপনি একটি জেনারেল স্টোর দেখতে পেলেন।
আপনি দোকান মালিককে এক বোতল পানি দিতে বললেন। তিনি আপনাকে একটি পানির বোতল দিলেন। পানির বোতল হাতে পেয়ে আপনি দারুণ উচ্ছসিত হয়ে গেলেন। আপনি বোতলের গায়ে দাম লেখা দেখলেন ১০ টাকা এবং পকেট থেকে ১০ টাকা বের করে দোকান মালিককে দিয়ে দিলেন।মালিক আপনার দিকে তাকিয়ে বললো, "পানির বোতলের দাম ২০ টাকা।" আপনি তো অবাক। আপনি ভোক্তা অধিকার সম্পর্কে জানেন এবং আপনি দোকান মালিকের এহেন অনৈতিক আচরণ সম্পর্কেও অবগত। কিন্তু এই মুহূর্তে আপনার করার কিছুই নেই। আপনি ২০ টাকা দিয়ে দোকান থেকে বের হয়ে গেলেন।
পরিস্থিতি-২
আবারো গভীর রাত এবং একাকী ক্লান্ত অবস্থায় সারাদিনের কাজ শেষে বাসায় ফিরছেন। আপনি তৃষ্ণার্ত কিন্তু আপনি জানেন আপনার ব্যাগে খাবার পানির বোতল আছে। আপনি বোতল বের করে পানি খেয়ে তৃষ্ণা মেটালেন এবং বাসার উদ্দেশ্যে আবারো হাঁটা শুরু করলেন।পথে আবারো সেই দোকান পড়লো এবং দোকান মালিক আপনাকে দেখে এগিয়ে এসে বললো, "আজ আপনার জন্যে রয়েছে অভাবনীয় এক অফার। ১০ টাকার পানির বোতল পাচ্ছেন মাত্র ১ টাকায়। এক্ষুনি অফারটি লুফে নিন, আজ রাতের পর এই অফার আর থাকছে না"।আপনি দোকান মালিকের দিকে তাকিয়ে হাসি দিলেন এবং কিছু না বলেই আবারো হাটা ধরলেন।
উপরের দুটি ঘটনা থেকে আমরা কি শিখলাম?
খুবই সহজ একটা নীতি।অত্যন্ত প্রয়োজনীয় কোন কিছুর জন্য, ১০ টাকার স্থলে ২০ টাকা খরচ করাও দোষের কিছু না।
কিন্তু,
যে জিনিসটার আপনার কোন প্রয়োজন নেই, সেটির মূল্য যদি ১০ টাকা হয় এবং আপনাকে ১ টাকায় অফার করা হয়, তারপরেও সেটি কেনার জন্যে ১ টাকা ব্যয় করাও ঠিক নয়।
এটি খুবই সহজ একটি নীতি যা আমরা প্রায়ই উপেক্ষা করি। কাজেই এরপরে যখনই অনলাইনে কোন দারুণ অফার দেখে লাফিয়ে উঠবেন, একটু থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, "আমার আদৌ এই পণ্যের প্রয়োজন আছে কি?"
*আমার জীবনে পাওয়া সেরা আর্থিক পরামর্শ।
শেষ করবো, "ফাইট ক্লাব" থেকে নেয়া টাইলার ডারডেনের উদ্ধৃতি দিয়ে,
"যে টাকা আমাদের নেই তা দিয়ে আমরা অপরিচিত মানুষদের মুগ্ধ করার জন্যে সে সব জিনিস কিনি যা আমাদের কাছে অপ্রয়োজনীয়।"