10/08/2026
রিজিক বলতে আমরা আসলে কী বুঝি? মোটা অঙ্কের বেতন? বড় বাড়ি? দামি গাড়ি? স্বচ্ছল জীবন? কিন্তু রিজিক কি আসলেই তাই?
একদিন হয়তো আপনার অনেক টাকা হবে। শুধু ‘বাবা, খেয়েছ?’ জিজ্ঞেস করার মানুষটা আর থাকবে না। নিজের বড় বাড়ি হবে, কিন্তু দরজা খুলে অপেক্ষা করা পরিচিত মুখগুলোর কোনো একটি ততদিনে হারিয়ে যাবে। জীবনে অনেক কিছু যোগ হবে, অথচ আজ যাদের উপস্থিতি খুব সাধারণ মনে হচ্ছে, তাদের কেউ কেউ তখন কেবল স্মৃতি। সেদিন হয়তো বুঝব, রিজিক মানে শুধু বাহ্যিক সম্পদ আর আড়ম্বর ছিল না।
কিছু রিজিক মানুষ হয়ে আসে
বিয়ের পর অনেকেই বলেন, "রিজিক বেড়েছে।" আমরা সঙ্গে সঙ্গে হিসাব করতে বসি—বেতন কত বাড়ল, ব্যবসায় কত লাভ হলো, নতুন কী সম্পদ এলো। যেন রিজিককে সংখ্যায় মাপা যায়, টাকার অঙ্কে ধরা যায়।
কিন্তু খুব কম মানুষই খেয়াল করি, হয়তো আল্লাহ তার জীবনে এমন একজন মানুষ পাঠিয়েছেন, যার সঙ্গে কথা বললে দিনের সব ক্লান্তি ধুয়ে যায়। যে মানুষটির পাশে বসে এক কাপ চা খেতেও আলাদা এক প্রশান্তি লাগে। যার সামনে নিজের ব্যর্থতাগুলো লুকিয়ে রাখতে হয় না। যার নীরবতাও আশ্রয়ের মতো লাগে। আচ্ছা বলুন তো, এমন একজন মানুষ কি রিজিক নন?
আজ নিজের রিজিকগুলো আরেকবার গুনে দেখুন
আচ্ছা, শেষ কবে মায়ের মুখের দিকে তাকিয়ে ভেবেছি, ‘এই মানুষটা এখনো আমার জন্য দুআ করেন’? শেষ কবে বাবার উপস্থিতিকে নিয়ামত মনে হয়েছে? শেষ কবে জীবনসঙ্গীর দিকে তাকিয়ে মনে হয়েছে, ‘পৃথিবীর এত মানুষের ভিড়ে আল্লাহ এই মানুষটিকেই কেন আমার জীবনের অংশ করে দিয়েছেন’? শেষ কবে নিজের ঘরে ফিরে মনে হয়েছে, ‘আলহামদুলিল্লাহ, আমার ফিরে আসার মতো একটা ঘর আছে’?
হয়তো রিজিক গোনার সময় ব্যাংক ব্যালেন্সের আগে একবার নিজের জীবনের দিকে তাকানো দরকার। কারণ আল্লাহর কিছু অমূল্য নিয়ামত শুধু সংখ্যার পরিমাপে আসে না। কিছু রিজিক মানুষ হয়ে আসে। কিছু রিজিক সম্পর্ক হয়ে আসে। কিছু রিজিক প্রশান্তি হয়ে আসে। আর কিছু রিজিক এত নীরবে আমাদের জীবন ঘিরে রাখে যে, হারানোর আগপর্যন্ত আমরা বুঝতেই পারি না, আমরা কতটা ধনী ছিলাম।
তাই আজ যা নেই, শুধু তার হিসাব না করি। যা এখনো আছে, একবার তার দিকে তাকাই। হয়তো তখন বুকের গভীর থেকে বেরিয়ে আসবে, ‘আলহামদুলিল্লাহ! না চাইতেই রব আমাকে কত অসংখ্য অগণিত রিজিক দিয়ে ভরিয়ে রেখেছেন।’