12/09/2026
রেলওয়ে ট্রেনিং একাডেমি ও বিভিন্ন স্থাপনা পরিদর্শনে মহাব্যবস্থাপক (পূর্ব)
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) চট্টগ্রামে রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেছেন।
পরিদর্শনের শুরুতে তিনি রেলওয়ে ট্রেনিং একাডেমি (RTA) পরিদর্শন করেন। এ সময় একাডেমির একাডেমিক ভবন, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কক্ষ, ডরমেটরি এবং আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিভাগীয় প্রধানদের বিভিন্ন নির্দেশনা দেন।
পরে মহাব্যবস্থাপক চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (CGPY), টার্ন টেবিল, ট্রায়াঙ্গেল লাইন, ইয়ার্ড লাইন এবং পাহাড়তলী লোকোসেড পরিদর্শন করেন। লোকোসেড পরিদর্শনকালে ইঞ্জিন দ্রুত মেরামত ও সচল রাখার লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।
এরপর তিনি কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (CCBL) পরিদর্শন করেন। সেখানে রেলওয়ের সঙ্গে সিসিবিএলের বিভিন্ন চুক্তি, নীতিগত সিদ্ধান্ত এবং সীমানা নির্ধারণ-সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
সিসিবিএল পরিদর্শন শেষে তিনি পদ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করেন। এ সময় সাইডিং লাইনের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন।
পরিদর্শনকালে রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব), প্রধান পরিচালন কর্মকর্তা (পূর্ব), প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (পূর্ব), বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম), চট্টগ্রাম, ডিএসডব্লিউ/পাহাড়তলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ের সংশ্লিষ্টরা বলছেন, মহাব্যবস্থাপকের এ ধরনের মাঠপর্যায়ের পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন স্থাপনার কার্যক্রম, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনাগত বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।