13/06/2026
**চন্দ্রঘোনা ফেরিঘাটে জোয়ারের পানিতে চরম ভোগান্তি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা**
রাঙ্গামাটির চন্দ্রঘোনা ফেরিঘাটে প্রতিদিন জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরির পল্টন পানির নিচে তলিয়ে যাচ্ছে। ফলে ফেরিতে যানবাহন ওঠানামা করতে গিয়ে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন জোয়ারের সময় ফেরিঘাটে পানি বেড়ে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক রাখতে নানা সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন পারাপারে ঝুঁকির মুখে পড়ে। ছবিতে দেখা যায়, কয়েকজন যুবক পানির মধ্যে নেমে একটি মোটরসাইকেল বহন করে ফেরি থেকে নামাতে সাহায্য করছেন।
এ অবস্থার কারণে দুই পাড়ের যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কখনও দুই ঘণ্টা, আবার কখনও তিন ঘণ্টারও বেশি সময় ফেরির জন্য অপেক্ষা করে থাকতে হয়। এতে উভয় পাড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।
প্রতিদিনের এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ প্রয়োজন। ফেরিঘাটের অবকাঠামো উন্নয়ন ও পল্টনের উচ্চতা সমন্বয় করা হলে এ ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকার হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম মাধ্যম। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।