27/02/2026
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ–এর নামে একটি ভুয়া নোটিশ ছড়িয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
ভাইরাল হওয়া ওই নোটিশে দাবি করা হয়, পবিত্র রমজান মাসে ছেলে ও মেয়ে একসাথে দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ। কাউকে এমন অবস্থায় পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিয়ে দিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
তবে রিউমারব্রেকার–এর অনুসন্ধানে দেখা যায়, নোটিশটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
নোটিশটিতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের পদবী এবং স্বাক্ষর ব্যবহার করা হলেও, বিষয়টি যাচাই করতে জনাব সালাউদ্দিন শাহরিয়ার–এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি সম্পূর্ণ মিথ্যা। বিশ্ববিদ্যালয়ের কিছু সার্কাজম পেজ ও গ্রুপ থেকে মজার ছলে তৈরি করা পোস্টই পরবর্তীতে বিভ্রান্তির কারণ হয়েছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছে।