09/06/2026
"একসময় আমিও ভাবতাম, সুন্দর ও ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই। নমনীয় আচরণ দিয়ে পৃথিবী জয় করে ফেলা সম্ভব। কোমল আচরণে পাথর হৃদয়ও গলে যায়।
আমি বিশ্বাস করতাম, নরম মানুষটাকে সবাই ভালোবাসে। সেই ভালোবাসা পেতে আমি মাথা নত করে থাকতাম৷ কেউ অন্যায় আচরণ করলেও তার বিপরীতে রূঢ় হতে পারতাম না।
তারপর একদিন জীবন আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো, কী ভীষণ ভুলের মাঝে আমার বসবাস!
আমি জানলাম, এই কঠিন পৃথিবীতে সবচেয়ে সহজ হলো নরম মানুষটাকে দমিয়ে দেওয়া।
আমি জানলাম, যে মানুষটা কখনো কঠিন হতে পারে না, তার সাথেই সবাই কঠিন হতে এক মুহূর্ত দ্বিধা বোধ করে না।
আমি জানলাম, কোমল ব্যবহারে কখনো পাথর গলে না। উল্টো সবাই জেনে যায়, আমি দুর্বল, আমাকে পাথর ছুঁড়ে মারলেও আমি প্রত্যুত্তরে কিছু বলতে পারবো না। সে ক্ষমতা আমার নেই, কখনো ছিলোও না। ক্ষমতাহীন মানুষকে কেউ মূল্য দেয় না, কেউ না।
আমি দেখলাম, সুযোগ পেলেই মানুষগুলো সমস্ত অন্যায়ের ভার নিয়ে নরম মানুষটার ঘাড়ে চেপে বসে। কারণ ওরা জানে, নরম মানুষটা মুখ বুজে সহ্য করে যাবে সব। অভিযোগ করবে না, প্রত্যুত্তর দিবে না, প্রতিবাদ করবে না।
কোমল হৃদয় নিয়ে কখনো বিপ্লব হয় না। মৃদু স্বরে কেবল শোকসভা হয়, মিছিলটা আর হয়ে ওঠে না।
কোনো কোনো নীতিকথা শুধু বইয়ের পৃষ্ঠার জন্য বরাদ্দ থাকে। জীবনের গল্পের কোনো এক পৃষ্ঠায় এসে সেই নীতিকথা মুখ থুবড়ে পড়ে যায়। আমরা ফ্যালফ্যাল করে চেয়ে দেখি, এই পৃথিবীটা বরাবরই শক্তের ভক্ত, নরমের যম - ছিলো, আছে, থাকবে।"
লেখা: মুশফিকুর রহমান আশিক