30/09/2026
শিশুদের ছায়া কেড়ে নিয়ে দাঁড়িয়ে আছে খোশবাসের সেই রেইনট্রি গাছ!
________________________
নিজস্ব প্রতিবেদক //
ছায়া দিত যে গাছ, তারই ডালপালা এখন নির্বিচারে ছাঁটাই, প্রশ্ন উঠছে, কার স্বার্থে?
কখনো এই গাছটি ছিল শিশুদের নির্ভরতার জায়গা।
প্রখর রোদের মধ্যে স্কুল ছুটির আগে কিংবা বিরতির সময়ে কোমলমতি শিশুরা ছুটে আসত গাছটির শীতল ছায়ায়। খেলত, হাসত, গল্প করত। অথচ আজ সেই গাছটির দিকে তাকালে যেন চোখে পড়ে এক নির্মম দৃশ্য, ডালপালা হারিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে একটি বহুদিনের পরিচিত রেইনট্রি গাছ।
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটসংলগ্ন মেইন সড়কের পাশে গাছটির অবস্থান। গাছটির নিচেই শিশুদের জন্য সরকারি বরাদ্দকৃত খেলনার সরঞ্জাম রাখা হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত যখন সূর্যের তীব্র উত্তাপ চারপাশ পুড়িয়ে দেয়, তখন এই গাছটির ছায়াই ছিল শিশুদের খেলাধুলার স্বস্তির আশ্রয়। কিন্তু সেই ছায়া এখন অনেকটাই হারিয়ে গেছে।
স্কুল কর্তৃপক্ষ ও স্কুল কমিটির তত্ত্বাবধানে গাছটির অধিকাংশ ডালপালা কেটে ফেলা হয়েছে। ছবিতে দেখা যায়, বিশাল গাছটি এখন প্রায় ডালপালাহীন। প্রকৃতির ছায়া দেওয়ার মতো বিস্তৃত শাখাগুলো নেই, আছে শুধু কাটা ডালের অসংখ্য ক্ষতচিহ্ন।
বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা হলে তিনি জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যালয়ের ছাদের ওপর কোনো গাছের ডালপালা থাকলে তা কেটে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
কিন্তু প্রশ্ন থেকেই যায়? যদি শুধু ছাদের ওপর থাকা ডালপালা কাটার নির্দেশনা দেওয়া হয়ে থাকে, তাহলে ছাদের ওপর না থাকা গাছটির এতগুলো ডালপালা কেন কেটে ফেলা হলো?
প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হয়েছিল, গাছটির কোনো ডালপালা কি সত্যিই বিদ্যালয়ের ছাদের ওপর ছিল? যদি থেকে থাকে, তাহলে শুধু ছাদের ওপরের ডালপালাগুলো কেটে দেওয়া যেত কি না। কিন্তু পুরো গাছের এমন ব্যাপক ছাঁটাইয়ের প্রয়োজন কেন হলো—
এ প্রশ্নের সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি।
একটি গাছ শুধু কাঠ নয়। একটি গাছ মানে ছায়া, শীতলতা, বাতাস, পাখির আশ্রয়, প্রকৃতির ভারসাম্য, আর এই গাছটির ক্ষেত্রে এর সঙ্গে জড়িয়ে ছিল শত শত কোমলমতি শিশুর আনন্দ ও নিরাপদ খেলাধুলার স্মৃতি।
যে শিশুরা বইয়ের পাশাপাশি প্রকৃতির কাছ থেকে শেখে, তাদের জন্য একটি বড় গাছও যেন একটি নীরব শিক্ষক। অথচ সেই শিক্ষককেই আজ প্রায় নির্বাক করে দেওয়া হয়েছে।
প্রশ্নটা তাই শুধু একটি রেইনট্রি গাছের নয়।
যেখানে শিশুদের জন্য ছায়া প্রয়োজন, সেখানে গাছের ছায়াই যদি এভাবে হারিয়ে যায় তাহলে পরিবেশ ও শিশুদের কথা আমরা কতটা ভাবছি?
শিক্ষাপ্রতিষ্ঠান যদি প্রকৃতি সংরক্ষণের অন্যতম জায়গা না হয়, তাহলে সাধারণ মানুষের কাছে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছাবে কীভাবে?