10/06/2026
ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে শাহাদাত হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা-চরমোন্তাজ নৌরুটে চলাচলকারী এমভি রেডসন-৫ লঞ্চের ক্যান্টিন বয় হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার নাজিরপুর ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহাদাত হোসেন চাঁদপুর জেলার মতলব উপজেলার মাথাভাঙা নেছামদি গ্রামের মো. ডালিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কয়েকজন জেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে সেটিকে টেনে নাজিরপুর ঘাটে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নৌপুলিশকে জানানো হলে তাদের সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ জুন এমভি রেডসন-৫ লঞ্চটি তেঁতুলিয়া নদীর নাজিরপুর এলাকা অতিক্রম করার সময় শাহাদাত নদীতে পড়ে যান। ঘটনার পরপরই তাকে উদ্ধারের জন্য নদীতে ব্যাপক খোঁজাখুঁজি চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন শাহাদাতের বাবা মো. ডালিম নাজিরপুর এলাকায় এসে ছেলের সন্ধানে মাইকিংসহ বিভিন্নভাবে অনুসন্ধান চালান। টানা তিন দিন এলাকায় অবস্থান করেও কোনো খোঁজ না পেয়ে তিনি বাড়ি ফিরে যান। পরে মঙ্গলবার দুপুরে নদীতে একটি মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে ছেলের পরনের জামাকাপড় দেখে মরদেহটি শনাক্ত করেন।
নিহতের বাবা জানান, শাহাদাত দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। যেহেতু ঘটনাটি নদী-সংক্রান্ত, তাই নৌপুলিশকে অবহিত করা হয়েছে। নৌপুলিশ ও নিহতের স্বজনরা আসার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।