22/04/2026
যশোর জেলার এক প্রবাসী ভাই, দীর্ঘ ১২ বছর ধরে মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করে জীবন চালিয়ে যাচ্ছিলেন।
ভাগ্যের নির্মম পরিহাস, মাত্র ৮ দিন আগে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে এক মালয়েশিয়ান মহিলার গাড়ি এসে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই তার পা ভেঙে চুরমার হয়ে যায়, পাশাপাশি মাথায়ও গুরুতর আঘাত পান।
পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে পুরো পায়ে লোহার রড বসিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি চলাফেরায় সম্পূর্ণ অক্ষম।
তিনি দেশে ফিরতে চাইলেও অনেক এয়ারলাইন্সে যোগাযোগ করে কোনো সমাধান পাননি। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, তিনি যদি পা ভাঁজ করে বসতে পারেন, তবেই তাকে নেওয়া সম্ভব। কিন্তু তার শারীরিক অবস্থায় তা সম্ভব নয়।
এক পরিচিত বন্ধুর মাধ্যমে বিষয়টি আমার কাছে আসে। আমি তাকে আশ্বস্ত করি, ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব।
পরবর্তীতে যাত্রী ও তার স্বজনরা KLIA এয়ারপোর্টে আসেন।
আমি সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করি এবং মালয়েশিয়া এয়ারলাইন্স, বাটিক এয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে কথা বলি।
উনার প্রয়োজনীয় সব ডকুমেন্ট, স্পেশাল পাস এবং Fit to Fly সার্টিফিকেট, থাকা সত্ত্বেও, বিষয়টি এয়ারলাইন্সের নীতিমালার বাইরে হওয়ায়, তারা সাহায্য করতে পারেনি।
যদিও তাদের মানবিক দৃষ্টিভঙ্গি ছিল প্রশংসনীয়।
পরে আমি Terminal 2-তে AirAsia অফিসে যাই। সেখানে কিছু পরিচিত অফিসারের সঙ্গে বিষয়টি শেয়ার করি। তারা রোগীকে নিয়ে আসতে বলেন।
সবকিছু দেখার পর, নিয়মের বাইরে হলেও ব্যক্তিগত সম্পর্কের কারণে শেষ পর্যন্ত তারা কোনোভাবে রাজি হন তাকে নেওয়ার জন্য।
পরবর্তীতে আমরা তিনটি টিকিট বুক করি, অসুস্থ রোগীর জন্য একটি এবং তার সঙ্গে থাকা আরও দুইজন স্বজনের জন্য।
আজ ফ্লাইট এর সিট না থাকায়, আগামীকাল সন্ধ্যা ৮টা ১৫ মিনিটের ফ্লাইটে তাদের যাত্রা নির্ধারিত হয়েছে।
আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল তিনি দেশে ফিরতে পারবেন। সবাই তার জন্য দোয়া করবেন। 🤲
বিদায় মুহূর্তে আমি তাকে বললাম ভাই, চিন্তা করবেন না।
কান্নাভেজা চোখে তিনি শুধু একটি কথাই বললেন ভাই, ১২ বছর বিদেশ করে হুইলচেয়ারে করে দেশে ফিরব এটা কখনো কল্পনা করিনি।
আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে তারা আমার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে তাদের কী বলব?
এই কথার পর তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাইনি। শুধু বলেছি আল্লাহ ভরসা ভাই
আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন এবং তার পরিবারের জন্য সহজ করে দিন।