25/05/2026
অল্প বৃষ্টিতেই পানির নিচে শনির আখড়ার গোবিন্দপুর সড়ক, দুর্ভোগে জনজীবন
রাজধানীর শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় অল্প সময়ের বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা যেন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ফলে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
সোমবার (২৫ মে) দুপুরের স্বল্প সময়ের বৃষ্টির পরই এলাকার প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলিতে পানি জমে যায়। এতে পথচারী, শিক্ষার্থী, অফিসগামী মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। অনেককে জুতা হাতে নিয়ে পানির মধ্য দিয়েই চলাচল করতে দেখা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
স্থানীয়রা বলছেন, “অল্প বৃষ্টিতেই যদি পুরো এলাকা পানিতে ডুবে যায়, তাহলে ভারী বৃষ্টিতে কী হবে—এটাই এখন আমাদের বড় ভয়।”
জলাবদ্ধতার কারণে শিশু ও বয়স্কদের চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। পাশাপাশি নোংরা পানির কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে জানিয়েছেন বাসিন্দারা।
দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন গোবিন্দপুর এলাকার ভুক্তভোগী মানুষ।