15/05/2026
এতটা পথ পেরিয়ে মনে হয়-- মানুষের থেকে দূরে থাকা ভালো। একা থাকা ভালো, মানুষ দূর থেকে সুন্দর। মানুষের মাঝে বেশি ভেসে যেতে নেই, মিশে যেতে নেই। মানুষ মিশে গিয়ে আবার পিষে দেয়। জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হলো। আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছি। মানুষের চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না।
বুঝে গেছি, কিছু কিছু মানুষ প্রয়োজনে প্রিয়জন বানায়। রাজনৈতিক অবস্থান থাকলে, গুরুত্বপূর্ণ কোনো পদে থাকলে তারা পঙ্গপালের মত দ্রুত ছুটে আসে মধু আহরণ করতে। সম্পর্কের শুরুতে এদের কি অমায়িক ব্যবহার, কত সহজ সরল, কি নিষ্পাপ মুখ, কত পবিত্র হাসি, ভীষণ সৎ, সত্যের পূজারী, বিশ্বস্ততার দলিল আর ভালোবাসার খনি।
কিছুদিন পর বোঝা যায়, সুবিধা আদায় করতে ওটা আসলে তাদের যেমন খুশি তেমন সাজার প্রতিযোগিতা ছিল। এদের প্রয়োজন মেটাতে না পারলে জলঢোড়া সাপের মত হামলে পড়ে কামড়ে দেয়। কিন্তু তারা এটা জানে না-- তারা বিষহীন জলঢোড়া সাপ। ফোঁস ফোঁস করা ছাড়া কিছু করতে পারে না। কাছে থাকার, পাশে থাকার নিখুঁত অভিনয় করার জন্য এইসব জলঢোড়া সাপদের প্রথম পুরস্কার দেয়া উচিত। উচিত বলব না, এরাই তো পুরস্কার পাওয়ার যোগ্য।
মানুষের মুখোশ যত খুলে যাচ্ছে ততই বুঝতে পারছি, যার যতটুকু প্রয়োজন তারা ততটুকু রাস্তা আমার সাথে হাঁটবে। মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হবো না। কারণ চির বাস্তব হলো-- "মানুষ আসলে প্রয়োজনে প্রিয়জন বানায়"।
সীমাবদ্ধতার কারণে প্রয়োজন মেটাতে না পারলে সুবিধাবাদী মানুষ জলঢোড়া সাপের মত ছোবল মারবেই। কিন্তু জলঢোড়া হয়ত জানে না, আমি একজন পোড়খাওয়া পাকা ওঝা। বিষধর সাপও আমাকে বাপ বলে ডাকে।