02/09/2023
পাঠ প্রতিক্রিয়া: ইকরামুল হক [Iqramul Haque]
ব্যাস এটুকুইতো চাই আমরা, পাঠ করুন...
"
হারারির "২১ শতকের পাঠ" বইটা পড়ছিলাম। গত আট/নয় মাসের খরা কাটলো এটা দিয়ে।
প্রথম পর্ব, ৮২ পৃষ্ঠা পর্যন্ত আসলাম।
বইটা আমাকে একটা জার্নির মধ্যে ফেলে দিয়েছে। যদিও আমি ভালো হাঁটুরে, বরাবরই; পথ কিঙবা পৃষ্ঠায়।
পথের হাঁটায় চারপাশের প্রকৃতি দেখার চেয়ে নিজের সক্ষমতার শেষ বিন্দুটির খোঁজ করি; প্রকৃতি থাকে সেকেন্ডারির ভূমিকায়।
আর পৃষ্ঠার হাঁটায় আলোর চেয়ে অন্ধকারকে বেছে নিই; লিখাগুলো তার গাঁথুনি দিয়ে দৃশ্যমান কী নির্মান করলো তা আমার কাছে মুখ্য থাকে না, বরঙ যিনি লিখাগুলো লিখেছেন তার মগজের স্ক্রিনশর্টগুলো বোঝার চেষ্টা করি, যেটাকে আমি বলছি_ ল্যাম্পপোস্টের আলোয় ভেসে যাওয়া একটা পথের দুপাশে বিদ্যমান মাঠঘাটডোবা, যেখানে শব্দের আলোরা পৌঁছায়নি।
তবলা বাজাতে মন চাইলো তাই,,,, 😃
ফিরে আসি ২১ শতকের পাঠে।
এ,,,,ত্তো যত্ন নিয়ে এটা সম্পাদনা করা হয়েছে! বইটা নির্মানের সাথে জড়িত প্রত্যেকের প্রতি আমার আন্তরিক ভালোবাসা আর শ্রদ্ধা জানাচ্ছি। একটা কাজ এমনই হওয়া উচিত 💖!
এটার কিছু অংশ আমরা Boloy Educare - Private গ্রুপে পড়েছি এবঙ আলোচনাও করেছি। বই নির্মানের পর নতুন করে পড়তে গিয়ে একই অনুভূতি হলো_ এটা পড়ে অনুধাবন করতে হলে পাঠককে মানবজাতির বর্তমান কর্মচাঞ্চল্য সম্পর্কে অবগত থাকার পাশাপাশি তার অতীতকেও জানা থাকা জরুরী, সেই সাথে মনোবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রাজনীতি ইত্যাদির সাথে পরিচিত থাকতে হবে; অর্থাৎ পাঠককে বিশুদ্ধ পানি ধরে রাখার সঠিক একটি পাত্র হতে হবে।
হাস্যকর মনে হতে পারে কথাগুলো, কিন্তু আমার তাইই মনে হয়েছে।
চমৎকার ব্যাপার হচ্ছে, এটা আপনার উত্তেজক হরমোনের সিক্রেশনকে অব্যাহত রাখবে। পাঠ করতে করতে আপনার ভেতরে হাজারটা প্রশ্নের জন্ম হবে। মনে হবে, হারারি পক্ষপাতিত্ব করছেন। কিন্তু আপনাকে অবাক করে দিয়ে আপনার মগজে জন্মানো প্রশ্নগুলোর জবাব একটু পরেই তিনি দিয়ে দেবেন! আপনার নানামুখী বিষয়ে জ্ঞান থাকার জরুরত এখানেই!
আসলে হারারি বইটাতে নিজের সাথে নিজেই কথা বলেছেন। বিশ্ববাসীকে তাদের সমূহ আপত্তিবিপত্তিগুলো সম্পর্কে সচেতন করে তোলার দায় তাঁর নেই। তিনি শুধু বলে গেছেন তাঁর পর্যবেক্ষণের সারবত্তা; নিজের জন্যই। কারণ বিবর্তনের নিয়মে একক হারারির কোন এগজিস্টেন্স নেই! বিষয়টা দলগত।
অনেক টার্ম হারারি ব্যবহার করেছেন, নতুন মনে হবে সেগুলো, গুগল করে নিলেই চলবে। বিন্দুর সাথে বিন্দুর সংযোগ স্থাপনের দায়িত্ব আপনার মগজের আর আপনার সময়ের উপর।
এটা ব্যাক্তিগত অনুভূতি।
এটা বিজ্ঞাপনও বটে; একটা বইয়ের বিজ্ঞাপন।
তবে আগামির সময়গুলোতে আমার আপনার হাতে হয়তো এইটুকু ক্ষমতাও থাকবেনা বলে মনে করেন হারারি।
"