14/07/2026
বৃষ্টি আর পানি জমার অজুহাতে এইচএসসি পরীক্ষা কি বন্ধ করা দরকার ছিল? নাকি এটাই বাংলাদেশে থাকার আসল পরীক্ষা!
ভবিষ্যতে বৃষ্টির কারণে তো আর মায়ের চিকিৎসা থামিয়ে রাখা যাবে না। হাসপাতাল আপনার কাছ থেকে পরে বিল নেবে না। বাচ্চা অসুস্থ হলে এই বৃষ্টি আর জলাবদ্ধতার মধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। স্ত্রী অন্তঃসত্ত্বা হলে এই বুকসমান পানির মধ্য দিয়েই তাকে নিয়ে ছুটতে হবে। চাকরির পরীক্ষার ডেট কিন্তু এক মিনিটও পরিবর্তন করবে না... এর মধ্যেই চলবে অফিস-আদালত। আপনার অফিসও কিন্তু ছুটি দেবে না; দৈনিক ৬০০ টাকা বেতনের চাকরিতে বসের ঝাড়ি খেতে ঠিকই অফিসে দৌড়াতে হবে। বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষা শুরুর আগেই কিন্তু স্কুলে শিক্ষক, সিকিউরিটি আর বোর্ড কর্মকর্তাদের যেতে হয়েছে... ছুটির তো প্রশ্নই আসে না।
যেদিন আপনার নিজের বিয়ের তারিখ থাকবে, পানি জমার কারণে সেই বিয়ে কিন্তু আটকে থাকবে না। বৃষ্টির দোহাই দিয়ে আপনি পাওনাদারকে টাকা দেওয়া থেকে রেহাই পাবেন না। কোথাও পণ্য ডেলিভারির ডেট থাকলে, নির্দিষ্ট সময়ে দিতে না পারলে অর্ডার বাতিল হবে—কেউ আটকাতে পারবে না। মাস শেষে বাড়িওয়ালা বৃষ্টির দোহাই শুনে ভাড়া মাফ করবে না, আর মাসের ১ তারিখে ব্যাংকও আপনার অ্যাকাউন্ট থেকে ইএমআই (EMI) কাটতে একটুও ভুলবে না।
ভবিষ্যতের জন্য রেডি থাকো বাবু সোনারা। রিয়েল লাইফে আসার পর আর কাউকে নিয়ে অভিযোগ করতে পারবে না। চোখ মুছতে মুছতে নর্দমার ময়লা পানি সাঁতরে গিয়েই এই কাজগুলো করতে হবে। কেউ করে দিয়ে যাবে না, আর গালি দেওয়ার জন্য কোনো শিক্ষামন্ত্রীও পাওয়া যাবে না।
আমার মনে হয় না কোনো সরকার, বা কোনো গায়েবি শক্তি খুব দ্রুত এই সমস্যাগুলো পরিবর্তন করতে পারবে। বিশেষ করে বাংলাদেশে... এসব মেনেই থাকতে হবে, বাঁচতে হবে...
কথাগুলো একদম সরকারদলীয় লোকদের মতো মনে হলেও ক্লিয়ার করে দিই—আমি এইচএসসি পরীক্ষার ডেট পেছানোর পক্ষে বা বিপক্ষের কেউ না। আমি এসবের অনেক ঊর্ধ্বে চলে গেছি বহু আগে। এগুলো নিয়ে মাথা না ঘামালেও আমার কালকের নাস্তা রেডি আছে। আমি তো শুধু বাস্তবতা তুলে ধরলাম, যেগুলো একজন স্টুডেন্ট অনেক কষ্ট করে পাশ করে বের হয়ে ফেস করবে। আমিও করেছি, এবং করছি...
বর্তমানে আছি লন্ডনে। আজ ভার্সিটিতে একটা পরীক্ষা আছে। এইচএসসির মতো না, আরও বড় লেভেলের পরীক্ষা। কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাই ভাবছি আজ আর পরীক্ষা দিতে যাব না। কালকে বরং ইউকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামব!