17/08/2026
সিরাজদিখানে ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মো. বাদশা গ্রেপ্তার।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভূমিদস্যুতা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মো. বাদশা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
রোববার (১৬ আগস্ট) পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, বাদশা দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
এলাকাবাসীর অভিযোগ, মো. বাদশা দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে সরকারি ও বেসরকারি জমি দখল, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তিনি এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।
বাদশার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল বলছেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান প্রয়োজন। এতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অপরাধীদের মধ্যে আইনভীতি তৈরি হবে।