27/08/2026
বেলাল হোসেন
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বাকেরগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন খান অপু ও পৌর মহিলা দলের নেত্রী সুমা খান।
বুধবার (২৬ আগস্ট) রাতে এমপি আবুল হোসেন খানের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্যে নিজেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
সাদ্দাম হোসেন খান অপু বলেন, তাকে ও সুমা খানকে জড়িয়ে ‘হানিট্রাপ’ সংক্রান্ত মনগড়া তথ্য প্রচার করা হচ্ছে, যা তাদের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করছে। তিনি অপপ্রচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে সুমা খান দাবি করেন, একটি সংগঠনের লাইসেন্স দেওয়ার কথা বলে তার কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা নেওয়া হয়েছিল। টাকা ফেরত চাওয়ার পর তাকে হুমকি দেওয়া হয় এবং পরে তাকে ও সাদ্দাম হোসেন খান অপুকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট করা হয়।
তারা এ ঘটনায় প্রশাসন ও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।