26/08/2026
নারায়ণগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস
নারায়ণগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন স্মরণে আয়োজিত এ র্যালিতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ শহরের নগর ভবনসংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে জশনে জুলুসের বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালির নেতৃত্ব দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সদস্য সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
জুলুসটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনের সামনে এসে শেষ হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে পায়ে হেঁটে ও বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা জশনে জুলুসে অংশ নিতে সমবেত হন।
জুলুস চলাকালে হামদ, নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকিরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অংশগ্রহণকারীদের হাতে ও মাথায় ছিল সবুজ রঙের কালিমা খচিত পতাকা। এ সময় তাদের কণ্ঠে উচ্চারিত হয়— “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” এবং “নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ”।
অনুষ্ঠান শেষে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জশনে জুলুসে বক্তব্যে সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, “কুরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের অসংখ্য দলিল রয়েছে। যারা এ আয়োজনকে বিদআত বলে, তারা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে রয়েছে।” তিনি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক বিভেদ দূর করা, মব সংস্কৃতি বন্ধ করা এবং জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উপদেষ্টা মোহাম্মদ জাকির খান, জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসলমানরা।