16/08/2026
প্রধানমন্ত্রীর দিল্লি সফরের জন্য অনুকূল পরিবেশ চায় ঢাকা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম আজ রোববার দুপুরে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।
এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ভারতের কাছে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠানোর পাশাপাশি শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশের হাতে হস্তান্তরের অনুরোধ জানিয়েছে।
মুখপাত্র বলেন, “আমরা ভারতের জবাবের অপেক্ষায় রয়েছি।” তিনি উল্লেখ করেন, দুই দেশ কয়েক সপ্তাহ ধরে এই সফর নিয়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। তবে গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ সম্মেলন এই প্রক্রিয়ার পরিবেশকে প্রভাবিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এই সফর সফল করতে অনুকূল পরিবেশ অপরিহার্য। একইসঙ্গে বাংলাদেশ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।