06/09/2026
নৌকায় চড়ে সবুজের ঠিকানায়—বর্ণচ্ছটা রিসোর্টে একদিন! 🛶🌿
সব সময় ঘুরতে যাওয়ার জন্য অনেক দূরে যেতে হয় না। মাঝে মাঝে ঢাকার কাছেই একটু সবুজ, নিরিবিলি পরিবেশ আর প্রিয় মানুষগুলোর সঙ্গে কাটানো কিছু সময়—মন ভালো করার জন্য এটুকুই যথেষ্ট!
ঢাকার সাভারের জিরাবো এলাকার ইয়ারপুরে এই বর্ণচ্ছটা রিসোর্টের অবস্থান।
এখানে যাওয়া-আসার জন্য নৌকার ব্যবস্থাও আছে! নৌকায় বসে চারপাশ দেখতে দেখতে রিসোর্টের দিকে এগিয়ে যাওয়ার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। সঙ্গে প্রিয় মানুষ, একটু গল্প আর হাওয়া রিসোর্টে পৌঁছানোর আগেই বেড়ানোর আমেজ শুরু!
রিসোর্টের সবুজ পরিবেশের পাশাপাশি গাছপ্রেমীদের জন্য রয়েছে নানা প্রজাতির গাছ। হাঁটতে হাঁটতে পরিচিত গাছের সঙ্গে অপরিচিত গাছও চোখে পড়বে। যারা গাছ ভালোবাসেন, তাঁদের এখানে ঘুরে দেখার জন্য একটু বাড়তি সময় রাখতেই হবে!
পরিবার নিয়ে এলে ছোটদের আনন্দের ব্যবস্থাও রয়েছে। বাচ্চাদের জন্য আছে কিডস জোন, যেখানে ওরা খেলাধুলা করে সময় কাটাতে পারবে। বড়দের ঘোরাঘুরির পাশাপাশি ছোটদেরও নিজের মতো আনন্দ করার একটা জায়গা থাকছে!
এখানে সুইমিং পুলও আছে। পানিতে কিছুক্ষণ সময় কাটিয়ে, তারপর বসে গল্প করতে করতে একটা অলস দুপুর পার করতে পারেন। সব ট্যুরে তো আর দৌড়াদৌড়ি করে জায়গা দেখতে হবে না, কিছু ট্যুর হোক শুধুই বিশ্রামের!
এবার আসি খাবারের কথায়! এখানে মাটির চুলায় খাবার রান্না হয়, আর সেই রান্নার স্বাদটা অসম্ভব মজার! পুকুরের মাছ আর খেতের সবজি দিয়ে খাওয়ার মজাই আলাদা। এমন সবুজ পরিবেশে বসে মাটির চুলায় রান্না করা খাবার—একেবারে গ্রামের বাড়িতে খাওয়াদাওয়ার আমেজ!
যারা সকালে গিয়ে সারাটা দিন কাটিয়ে ফিরতে চান, তাঁদের জন্য রয়েছে ডে-লং প্যাকেজ। এই প্যাকেজে সকালের নাশতা, দুপুরের বুফে লাঞ্চ আর বিকেলের স্ন্যাকস অন্তর্ভুক্ত। সবার জন্য সুইমিং পুলের সুবিধাও প্যাকেজে থাকছে। তাই খাওয়াদাওয়া, পুলে সময় কাটানো আর ঘোরাঘুরি মিলিয়ে পুরো দিনটা উপভোগ করতে পারবেন।
আর রাত কাটাতে চাইলে রয়েছে বিভিন্ন ধরনের রুম ও কটেজ। কোনো কটেজের সঙ্গে নিজস্ব বাগান, আবার কোনো স্যুইটে আছে বারান্দা। একটু হাঁটাহাঁটি, ছবি তোলা কিংবা পাশাপাশি বসে আড্ডা নিজের মতো করে সময় কাটানোর সুযোগ রয়েছে।
যাওয়ার আগে বর্তমান প্যাকেজের দাম, বুকিংয়ের সময়সূচি আর নৌকায় ওঠার জায়গা, সময় ও খরচ জেনে নেবেন।
আমাদের কাছে বেড়ানো মানে শুধু নতুন জায়গা দেখা নয়, ব্যস্ততার মাঝে নিজেদের আর পরিবারকে একটু সময় দেওয়া। নৌকার ছোট্ট যাত্রা, বাচ্চাদের খেলাধুলা, গাছের ছায়ায় হাঁটাহাঁটি আর প্রিয় মানুষটার সঙ্গে গল্প—এই ছোট ছোট মুহূর্তগুলোই তো একটা দিনকে সুন্দর স্মৃতি বানিয়ে দেয়! 💚
Lubzana Lopa Shivan Rahman Md. Didarul Islam Nazmul Hossain Bilash Couple Travellers BD Sanaullah Sany