13/09/2026
বিশেষ প্রতিনিধ :বানিয়াচংয়ে পূর্বশত্রুতার জেরে রাজমিস্ত্রিকে হাতুড়িপেটা, আশঙ্কাজনক অবস্থায় ওসমানীতে ভর্তি
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্বশত্রুতার জেরে মহিন মিয়া (৪২) নামের এক রাজমিস্ত্রিকে হাতুড়ি, রড ও স্টিলের পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মহিন মিয়া বানিয়াচং সদর ইউনিয়নের ইনাতখানি মহল্লার মৃত সাহেব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতখানি মহল্লার মৃত রহমত আলীর ছেলে শেখ জসিম মিয়ার সঙ্গে পাশ্ববর্তী বাড়ির মহিনের ভাতিজা সাগরের তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম ও তাঁর শ্যালকেরা মিলে সাগরকে মারধর করেন।
বিষয়টি সমাধানের জন্য গত ১২ সেপ্টেম্বর রাতে বানিয়াচং থানায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিষয়টি সেখানে নিষ্পত্তি করা হয়।
তবে অভিযোগ উঠেছে, সালিশ বৈঠক শেষে মহিন মিয়া বাজারে নিত্যপ্রয়োজনীয় সওদা করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়। জসিমের উসকানিতে তাঁর শ্যালক দেওয়ান দিঘীরপাড়ের ধনু মিয়ার ছেলে সায়েম ও লুকু মিয়ার ছেলে মৃদুলসহ ৪-৫ জনের একদল দুর্বৃত্ত অটোরিকশা ও দেশীয় অস্ত্র নিয়ে এসে মহিনের ওপর অতর্কিত হামলা চালায়। তারা হাতুড়ি, রড ও স্টিলের পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাঁকে রক্তাক্ত ও গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা আহত মহিনকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে তিনি সেখানে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, মহিন মিয়ার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁর ডান চোয়ালের হাড় ভেঙে গেছে এবং দ্রুত অস্ত্রোপচার করে ধাতব পাত (প্লেট) বসাতে হবে। সিটি স্ক্যান রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
আহত মহিনের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন,আমরা দরিদ্র মানুষ। থানায় বসে বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরও জসিম ও তাঁর বোনজামাই করিমের উসকানিতে সায়েম ও মৃদুল আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে বাজারে হামলা চালিয়েছে। চিকিৎসার জন্য আমাদের কাছে প্রয়োজনীয় টাকা-পয়সাও নেই। আমরা এ ঘটনার সুষ্ঠু ও বিচার চাই।
এ বিষয়ে বানিয়াচং থানা পুলিশ জানায়, থানায় বসে বিষয়টি সমঝোতা হওয়ার পর তাঁর ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।