10/08/2026
যিনি মাত্র ১০০ টাকায় গরুর মাংস আর আনলেমিটেড ভাত খাইয়ে হাজারো মানুষের মন জয় করেছিলেন, সেই পরিচিত মুখ 'ভাইরাল মিজান' আজ খাঁচার ওপারে। হ্যাঁ, রাজধানী আগারগাঁওয়ের সেই জনপ্রিয় 'গরিবের বুফে'র পরিচালক মিজানুর রহমান এখন পুলিশি হেফাজতে।
৯ আগস্ট ২০২৬, রবিবার দুপুরে ডিএমপির কাফরুল থানা-পুলিশ তাকে আটক করে। বিদ্যুৎ বিভাগের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানের সময় এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সাথে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। আইনি দৃষ্টিতে হয়তো সরকারি কাজে বাধা দেওয়া অপরাধ, কিন্তু এই খবরের পেছনে লুকিয়ে আছে এক বুক হাহাকার।
দোকানের সেই চিরচেনা স্লোগান—"নিজের হাতে লইয়া খাইবেন, ১৪ বার নিয়ে খাইবেন"—হয়তো আগামী কয়েকদিন আর আগারগাঁওয়ের ফুটপাতে প্রতিধ্বনিত হবে না। যেখানে সাধারণ রিকশাচালক, শিক্ষার্থী কিংবা নিম্নআয়ের মানুষ পেট পুরে দুই মুঠো শান্তিতে খেত, সেই চুলা আজ নিভে গেছে।
আইনের প্রতি শ্রদ্ধা রেখেও সাধারণ মানুষের মনে আজ একটাই প্রশ্ন—যে মানুষটি ক্ষুধার্তের মুখে অল্প টাকায় খাবার তুলে দিতেন, তার এই পরিণতি কি এড়ানো যেত না? আবেগের বশে নেওয়া ভুল সিদ্ধান্ত আজ তাকে বন্দি করল চার দেয়ালে। আমরা আশা করি, খুব দ্রুতই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব সংকটের সমাধান হবে এবং মিজান আবার তার চেনা হাসিমুখে মানুষের সেবায় ফিরে আসবেন।