28/02/2025
মুসলিমদের সাহায্য-সহযোগিতা
হাদীস নং: ৩৩
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মুসলমান মুসলমানের ভাই। সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দও করবে না। যে ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তাআলা তার অভাব পূরণ করবেন। যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। আর যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের দোষ ঢেকে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ-ত্রুটিগুলো ঢেকে রাখবেন। [বুখারী: ২৪৪২, মুসলিম: ২৫৮০, মিশকাতুল মাসাবীহ: ৪৯৫২, পৃষ্ঠা: ৪২২]
ফায়দাঃ কিয়ামত দিবসে তার দোষত্রুটি গুলো গোপন করা হবে।
অর্থাৎ হাসরের ময়দানে অবস্থানরত সকলের থেকে তার দোষত্রুটি গোপন রাখা হবে। তার থেকে হিসাব নেওয়া হবে না। দোষ ত্রুটি গোপন রাখা নিজের সম্মান ও ইজ্জতের পর্দার ন্যায়। সুতরাং যে নিজের দোষ ত্রুটির পর্দা নিজে উন্মোচন করে। ও প্রকাশ্যে পাপাচারে লিপ্ত হয় তাকে হেকমতের সহিত সতর্ক করা ওয়াজিব।
হাদীস নং: ৩৪
হযরত আনাস রাযি. হতে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ব্যক্তির সম্মুখে তার কোন মুসলমান ভাইয়ের গীবত
করা হয়, আর সে তার (সেই ভাইয়ের) সাহায্য করার ক্ষমতা রাখে এবং সে তার সাহায্য করে, তাহলে আল্লাহ তা'আলা ইহ ও পরকালে তার সাহায্য করবেন। আর যদি সে সাহায্য না করে অথচ সে তার সাহায্য করার ক্ষমতা রাখে, তাহলে আল্লাহ্ তা'আলা তাকে ইহকালে ও পরকালে পাকড়াও করবেন। [শরহে সুন্নাহ্: ৩৫৩০, মিশকাতুল মাসাবীহ: ৪৯৭৬, পৃষ্ঠা: ৪২৩]