03/04/2026
"চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে হিন্দু মহাজোটের মানববন্ধন"
চট্টগ্রামের আকাশ দাস, অঞ্জন মল্লিক, সিরাজগঞ্জের তাপস মাহাতো, চাঁদপুরের অলোক মোহন্ত, কক্সবাজারের কৌশিক বড়ুয়া, মুন্সীগঞ্জের রেখা রাণী সহ দেশের বিভিন্ন স্থানে খুন, নির্যাতন, জমি দখল, চাঁদাবাজীর প্রতিবাদে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধানের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূনঃ প্রতিষ্ঠার দাবীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আজ সকাল ১১.০০ টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
মানববন্ধন শেষে হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায় এর সভাপতিত্বে এক পথ সভায় বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি অ্যাডঃ প্রদীপ কুমার পাল, মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট শুভ মজুমদার, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, হিন্দু যুব মহাজোটের সভাপতি ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি মধু, সাধারণ সম্পাদক সুজন গাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক চক্রবর্ত্তী, ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডু প্রমূখ।
বক্তাগণ বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হিন্দু সম্প্রদায় আশা করেছিলো ফ্যাসিবাদের বিদায়ে হিন্দু সম্প্রদায় স্বস্তি পাবে, নির্যাতন হবে না। সকল প্রকার বৈষম্য দূর হবে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের সে আশা নিরাশায় পরিনত হয়েছে। অর্ন্তবর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিটি, নির্বাচন সংস্কার কমিটি সহ সর্ব ক্ষেত্রেই হিন্দু সম্প্রদায়কে উপেক্ষা করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মতামতও গ্রহণ করা হয় নাই। সংখ্যানুপাতে জাতীয় সংসদে কমপক্ষে ৩০ জন সদস্য থাকার কথা কিন্তু আছে ২ জন, যারা আবার নিজেদের হিন্দু হিসেবে স্বীকার করেন না। জাতীয় সংসদ আজ তাই হিন্দু প্রতিনিধি শুন্য। সরকারের মন্ত্রী সভাতেও হিন্দু সম্প্রদায়ের অবস্থান নাজুক।
বক্তাগণ আরো বলেন প্রতিটি সরকারেই হিন্দু সম্প্রদায় উপেক্ষিত থেকেছে। স্বাধীনতার প্রাক্কালে ২২% হিন্দু থাকলেও আজ তা নেমে এসেছে ৮% এ। রাজনৈতিক প্রতিনিধিত্ব না থাকায় হিন্দু সম্প্রদায় ধীরে ধীরে বিলুপ্তির দিকে ধাবিত হচ্ছে। পরিসংখ্যান বলছে এই অবস্থা চলতে থাকলে আগামী ১৫/২০ বছরের মধ্যে এদেশ হিন্দু শুন্য হবে।
বক্তাগণ বলে দেশের বিভিন্নস্থানে হামলা, অগ্নিসংযোগ, খুন, খুনের চেষ্টা, খুনের হুমকী, জমি দখল, প্রতিমা ভাংচুর, দেশত্যাগে বাধ্যকরন, কিশোরী অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর, চুরি ডাকাতিতে অতিষ্ঠ। পুলিশ তৎপর থাকলেও অপরাধ দিন দিন বেড়েই চলছে। বক্তাগণ সকল হিন্দু নির্যাতন ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
একই সাথে সংখ্যালঘু নির্যাতন, দেশত্যাগ বন্ধে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূনঃ প্রতিষ্ঠার দাবী জানান।