18/08/2026
জনস্বার্থমূলক প্রেস রিলিজ
তারিখ: ১৯ আগস্ট ২০২৬; স্থান: বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল
বরিশাল সিটি কর্পোরেশনের চরম উদাসীনতা ও আইনি বাধ্যবাধকতা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ এবং আবাসিক এলাকা থেকে দ্রুত বর্জ্য অপসারণের দাবি
সকল বরিশালবাসী, আসসালামু আলাইকুম।
আমরা সকল নাগরিক, সাংবাদিক ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাশিপুর পোস্ট অফিস বাজার এলাকার মূল রাস্তার পাশে এবং স্থানীয় ব্যাংকারদের আবাসিক এলাকায় খোদ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কর্তৃক দিনরাত ২৪ ঘণ্টা উন্মুক্তভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এই জনবিদ্বেষী ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের ফলে সমগ্র এলাকার জনস্বাস্থ্য এখন চরম হুমকির মুখে পড়েছে। এর প্রতিকার চেয়ে সর্বশেষ গত ১৫ জুলাই ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবর ভুক্তভোগী অধিবাসী নিয়াজ মোহাম্মদের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছিল। এর আগে বরিশাল সিটি কর্পোরেশন এর ঘোষনায় দেয়া মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপে ছবি,লাইভসহ অভিযোগ দিলেও মাসের পর মাস নিস্ক্রিয় ভূমিকা পালন করছেন কর্তৃপক্ষ।
অত্যন্ত দুঃখের বিষয়, লিখিত অভিযোগ দায়েরের বেশ কয়েক মাস অতিবাহিত হওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বরিশাল সিটি কর্পোরেশনের এমন স্থায়ী নিষ্ক্রিয়তা ও উদাসীনতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের নির্ধারিত অভিযোগ নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। একটি দায়িত্বশীল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এমন নাগরিক স্বার্থবিরোধী অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আইন লঙ্ঘন করছেন বিসিসি কর্তৃপক্ষ -
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী নাগরিকদের জন্য স্বাস্থ্যকর ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম প্রধান আইনি বাধ্যবাধকতা। একইসঙ্গে, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন অনুযায়ী জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন যেকোনো কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধের শামিল। আবাসিক এলাকায় এবং মূল সড়কের পাশে এভাবে উন্মুক্ত বর্জ্যের স্তূপ তৈরি করে বরিশাল সিটি কর্পোরেশন একদিকে যেমন প্রচলিত আইনের চরম লঙ্ঘন করছে, অন্যদিকে নাগরিকদের সাংবিধানিক সুস্থভাবে বেঁচে থাকার অধিকারকে পদদলিত করছে।
আমাদের চাওয়া ---- আমরা এই প্রেস নোটের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে কাশিপুর পোস্ট অফিস বাজার এলাকার মূল রাস্তা ও আবাসিক এলাকার বর্জ্যের স্তূপ সম্পূর্ণ অপসারণ করার জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে জনবসতিপূর্ণ এলাকায় স্থায়ীভাবে ময়লা ফেলা বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে। অনতিবিলম্বে এই জনদুর্ভোগের স্থায়ী সুরাহা করা না হলে ভুক্তভোগী জনগণ নিজেদের স্বাস্থ্য রক্ষা ও আইনি অধিকার প্রতিষ্ঠায় কঠোর আইনগত পদক্ষেপ ও বৃহত্তর সামাজিক আন্দোলনে যেতে বাধ্য হবে।
প্রচারে: নিয়াজ মোহাম্মদসহ ২৮,২৯ নং ওয়ার্ড এর সকল শ্রেনীর মানুষ
-----------------
বর্তমান অবস্থার ছবি ভিডিও এই লিংকে
https://www.facebook.com/share/p/1C1ZyN36YF/
゚