15/10/2025
চরফ্যাসনে গাছ নিয়ে বিরোধে হামলা, নারী-শিশুসহ আহত ৬
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি॥
ভোলার চরফ্যাসনে বসতবাড়ির সীমানার গাছ নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আবু জাহের ও মনজু সরদারসহ তাদের অনুসারীদের বিরুদ্ধে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার জিন্নাগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন—আমিরজান বেগম (৫৫), রুমা বেগম (২৮), নিজাম উদ্দিন (৩৫), মিঠুন (১৬), রাফসান (৬) ও সুইটি (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির পাশে সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবু জাহের ও মনজু সরদার দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা চালান। এতে রুমা বেগমকে কুপিয়ে জখম করা হয়। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়।
আহত আমিরজান বেগম জানান, “প্রায় ৪০ বছর ধরে আমরা জমিটি ভোগদখলে আছি। আমাদের জমির সীমানায় থাকা একটি গাছের মালিকানা দাবি করে প্রতিপক্ষ আবু জাহের ও মনজু, শাকিল সরদার সহ তাদের পরিবারের মহিলা সদস্যরাসহ আমাদের ওপর হামলা চালায়।”
তিনি আরও বলেন, “হামলার পর আমাদের বসতঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এমনকি আমাদের ঘরে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।”
এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে আবদুল খালেক বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে চরফ্যাসন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত আবু জাহের বলেন, “গাছটি আমাদের জমির সীমানায়। প্রতিপক্ষরা জোর করে দখল নিতে গেলে তর্কের একপর্যায়ে সংঘর্ষ হয়।”
চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”