07/02/2026
চার উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। আসন্ন এ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। অ্যাপটির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন ভোটাররা।
এ অ্যাপের মাধ্যমে ভোটারদের জন্য দেশজুড়ে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে এবার চারটি সহজ ও দ্রুত পদ্ধতি চালু করেছে ইসি। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা নির্ভুলভাবে তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর সম্পর্কে তথ্য জানতে পারবেন।
সম্প্রতি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। তিনি বলেন, ‘Smart Election Management BD’ নামের অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। ভোটাররা অ্যাপটির মাধ্যমে সহজেই ঘরে বসে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
ভোটাররা ‘Smart Election Management BD’ অ্যাপ ব্যবহার করে সহজেই ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে ড্যাশবোর্ড থেকে ‘এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করতে হবে। এরপর ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ ইনপুট দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
পদ্ধতি-২: হটলাইন নম্বর ১০৫
বাংলাদেশের যেকোনো স্থানের ভোটার হটলাইন নম্বর ১০৫-এ ফোন করে ভোটার নম্বর ও কেন্দ্রে সম্পর্কিত তথ্য জানতে পারেন। কল করার পর ৯ চাপলেই অপারেটরের সঙ্গে কথা বলে তথ্য পাওয়া যাবে। হটলাইনে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ জানাতে হবে। পরিষেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।
পদ্ধতি-৩: এসএমএস-এর মাধ্যমে (১০৫)
ভোটাররা তাদের মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে ‘PC NID’ লিখে ১০৫ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি বার্তায় ভোটার নম্বর ও তাদের ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেয়া হবে।
পদ্ধতি-৪: ইসি ওয়েবসাইট (ecs.gov.bd)
নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার বা মোবাইলের যেকোনো ব্রাউজার থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলেই ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে। ওয়েবসাইটে দুটি উপায়ে ভোটকেন্দ্র খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনি এলাকা, উপজেলা/থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এছাড়া ওয়েবসাইটে ভোটকেন্দ্রের অবস্থান সরাসরি গুগল ম্যাপে দেখার সুবিধা রয়েছে। গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্ব এবং যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত জানা যাবে।
এ ছাড়াও অ্যাপটির মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত নানা তথ্য এবং নির্বাচনের ফলাফল সম্পর্কেও জানা যাবে।
#নির্বাচন #নির্বাচনে২০২৬ #ভোট #বাংলাদেশ