04/09/2026
পুকুর নিয়ে বিরোধের জেরে নাসিরনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ: টেটাবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত অন্তত ৫০.
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বরে পুকুরের জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে নাজিমউদ্দীন (২৫) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িশ্বর গ্রামের দুই প্রভাবশালী গোষ্ঠী—নয়া বাড়ির ফজলুল হক এবং ডাইলা বাড়ির আব্দুল আউয়াল গোষ্ঠীর মধ্যে একটি পুকুরের মালিকানা ও জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে একটি মামলাও দায়ের করা হয়।
এরই জেরে শুক্রবার দুপুরে শ্রীঘর বাজারের পাশে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘসময় ধরে চলা এ সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ডাইলা বাড়ির আব্দুল আউয়ালের ছেলে নাজিমউদ্দীন নিহত হন।
নিহতের খবর গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং উভয় পক্ষ আবারও থেমে থেমে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং নারীসহ অন্তত ৫০ জন আহত হন। পরে খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই ও মাধবপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, "বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার পরিবেশ শান্ত রয়েছে। পুনরায় সংঘাত এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
বর্তমানে পুরো গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।