19/09/2026
ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন ।
রাজধানীতে একই সন্ধ্যায় পৃথক তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর ও বাড্ডার তিনটি পৃথক স্থানে যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এর মধ্যে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ার সংলগ্ন এলাকায় শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ শুরু করে।
এর কিছুক্ষণ পর, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে বাসটি পুরোপুরি পুড়ে যায়নি।
এ ছাড়া একই সময়ে মধ্য বাড্ডাতেও একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে অল্প সময়ের ব্যবধানে রাজধানীর তিনটি পৃথক স্থানে তিনটি বাসে আগুনের ঘটনা সামনে আসে।
তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।