01/08/2024
রিমান্ডে বিচারপতির ছেলে, ৩ মামলায় আসামি
বিটিভি ভবনে হামলার মামলায় আসামি হয়ে রিমান্ডে গেলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামানের ছেলে মাহমুদুস সালেহিন।
জানা গেছে, ৩টি মামলার আসামির সংখ্যা একই। থানা পৃথক পৃথক। প্রতিটি এজহারে শুধুমাত্র আসামিদের ক্রমিক নং অদল-বদল করা হয়েছে। এক মামলায় কাউকে আগে আনা হয়েছে। আবার আরেক মামলায় কাউকে পেছনে নেয়া হয়েছে। ৩টি মামলায় ধারা ও অভিযোগ অনুরূপ রাখা হয়েছে।
মামলার সর্বশেষ অবস্থা তুলে ধরে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন মেসবাহ বলেন, আসামি মাহমুদুস সালেহিন হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামানের ছেলে। তিনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। এই ছাত্র আন্দোলনের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। তিনি নিরেট একজন ভদ্রলোক। তারপরেও কেন তাকে মামলায় জড়ানো হয়েছে, তা আমার বোধগম্য নয়। সালেহিনকে প্রথমে রামপুরা থানায় একটি মামলায় গ্রেপ্তার করে রিমান্ড চাওয়া হয়। বলতে গেলে মামলার পর মামলা হচ্ছে। একজন বিচারপতির ছেলেও যদি এ ধরনের হয়রানির শিকার হয়, তখন আর বলার কিছু থাকে না। তাহলে সাধারণ মানুষের কী হচ্ছে, একবার ভেবে দেখুন।
- মানবজমিন