27/07/2026
ফেনী শিল্পকলা একাডেমিতে ফেনী জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
ফেনী জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কমিটির উদ্যোগে আজ ফেনী শিল্পকলা একাডেমিতে এক বর্ণাঢ্য পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক জনাব মীর মাসুদ পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব জনাব সৈয়দ আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জনাব জয়নাল আবদীন (ভিপি)। তিনি তাঁর বক্তব্যে সংস্কৃতিচর্চার মাধ্যমে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফেনী জেলা শাখার আহ্বায়ক জনাব শেখ ফরিদ বাহার, সদস্যসচিব জনাব আলাল উদ্দিন আলাল এবং যুগ্ম আহ্বায়ক জনাব এয়াকুব নবী। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সাংস্কৃতিক অঙ্গনে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় চেতনাকে বিকশিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিচিতি সভায় ফেনী জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি সভাটিকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।