19/01/2026
ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের তাওফীক দান করার জন্য আল্লাহর কাছে নিবেদন জানাতে দোয়া মাহফিল ...
প্রিয় দ্বীনি সুধীবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আসন্ন ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। ইসলামি শরিয়তের দৃষ্টিতে ভোটাধিকার প্রয়োগ করা কেবল একটি নাগরিক দায়িত্বই নয়, বরং এটি একটি পবিত্র ‘আমানত’ এবং সত্যের পক্ষে ‘সাক্ষ্য’ (শাহাদাত) প্রদান।
দুর্ভাগ্যবশত, বর্তমানে অনেক নাগরিকের মধ্যে ভোট প্রদানের ক্ষেত্রে এক ধরনের অনীহা বা নিস্পৃহতা দেখা যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, যোগ্য ও সৎ ব্যক্তিকে সাক্ষ্য না দিয়ে নিস্পৃহ থাকা পরোক্ষভাবে অযোগ্যদের পথ প্রশস্ত করে দেয়, যা আমানতের খিয়ানত এবং সত্য সাক্ষ্য গোপন করার শামিল। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে:
"তোমরা সাক্ষ্য গোপন করো না, আর যে ব্যক্তি তা গোপন করে, অবশ্যই তার অন্তর পাপিষ্ঠ।" (সূরা আল-বাকারাহ: ২৮৩)
তাই দেশের কল্যাণে যোগ্য নেতৃত্ব নির্বাচন এবং এই নাগরিক আমানত যথাযথভাবে আদায় করার গুরুত্ব অনুধাবন করে মহান আল্লাহর রহমত ও সঠিক দিকনির্দেশনা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলের সময় ও স্থান:
তারিখ: ৭ ফেব্রুয়ারি, ২০২৬; রোজ শনিবার।
সময়: বিকেল ৪:০০ ঘটিকা।
স্থান: গাজীপুর মিডিয়া সেন্টার, বাড়ি # ২৩৫/২, ব্লক # কে, শহীদ জামান সড়ক (শিববাড়ি), জয়দেবপুর, গাজীপুর ১৭০০
দেশের ভবিষ্যৎ সুরক্ষা এবং ভোটারদের অন্তরে সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এই রূহানি মাহফিলে আপনার উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণ বিশেষভাবে কামনা করছি।
বিনীত,
আয়োজক কমিটি
গাজীপুর মিডিয়া সেন্টার