24/04/2025
King Cobra—কে কেন King বলা হয় ?
King Cobra আসলে কোবরা (Naja) নয়। এর বৈজ্ঞানিক নাম Ophiophagus hannah, অর্থাৎ Ophiophagus নামে একেবারে আলাদা জেনাসের একমাত্র সদস্য। বিজ্ঞানীরাও একে দিয়েছেন আলাদা মর্যাদা—একেবারে স্বতন্ত্র বংশ! আর বংশের একমাত্র প্রদীপ রাজার আসনে বসবে, এটাই তো স্বাভাবিক!
Ophiophagus শব্দটার অর্থই “সাপ খেকো” (গ্রিক ভাষায় ophio মানে সাপ, phagus মানে খাদক)। King Cobra–কে “King” বলা হয় কারণ, এটি শুধু ছোট প্রাণী নয়, বরং অন্য সাপও গিলে ফেলে—এমনকি নিজের মতো দেখতে কোবরাদেরও। তার খাদ্যতালিকায় প্রায়ই বিষধর সাপ থাকে। সাপ খেয়ে সাপের রাজা—কতটা নিপুণ ও ভয়ংকর হতে পারে, তা বোঝাতে "King" শব্দটাই যথার্থ।
এই মহারাজ স্বভাবে যেমন ভয়ংকর, তেমনই বিচক্ষণ। অন্যান্য সাপের মতো হুটহাট কামড়ায় না। নিজের এলাকা ও শত্রু আগে পরখ করে, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেয়। তার আচরণ যেন রাজকীয় কৌশলের প্রতিচ্ছবি—গম্ভীর, আত্মবিশ্বাসী।
রাজকীয় হুড আর গর্জনের মতো হিস ধ্বনি—এসব তো রয়্যাল সিম্বল! যখন কিং কোবরা মাথা উঁচু করে হুড মেলে, আর গর্জে ওঠে হিস শব্দে, তখন আশেপাশের প্রাণীদের আতঙ্কে হার্টবিট বেড়ে যায়। এমন আভিজাত্য অন্য কোনো সাপে দেখা যায় না।
আরও বিস্ময়ের বিষয় হলো, এই রাজা শুধু শক্তিশালী নয়, দায়িত্বশীলও। বেশিরভাগ সাপ ডিম দিয়ে চলে যায়, কিন্তু কিং কোবরা নিজের শরীর দিয়ে বাসা বানায়, পাহারা দেয়, যত্ন নেয়। সন্তানের জন্য এমন পিতৃত্বপূর্ণ দায়িত্ব নিঃসন্দেহে এক মহারাজার বৈশিষ্ট্য।
এই কিং কোবরা পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ—দৈর্ঘ্যে ১৮ ফুট পর্যন্ত হতে পারে। তার ফ্যাং থেকে নিঃসৃত নিউরোটক্সিন এতটাই মারাত্মক যে, এক কামড়ে কম বয়সী একটি হাতিকেও কাবু করে ফেলে। এই তীব্র বিষ আর দৈহিক শক্তির সম্মিলনেই তো একে বলা হয় “আসল রাজা”।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়—একটা প্রাপ্তবয়স্ক কিং কোবরার প্রকৃতিতে শত্রু প্রায় নেই বললেই চলে। এমনকি বাঘের সঙ্গেও লড়াইয়ের নজির রয়েছে। এই মহারাজকে কেউ সহজে শিকার করতে পারে না। এলাকা শাসন করে, নিরঙ্কুশভাবে।
এই মহারাজকে একবার স্বচক্ষে দেখা, বহু সর্পপ্রেমীর আজন্ম আকাঙ্ক্ষা। আর ভাগ্যজোরে যদি একদিন সামনে পড়ে যান—তখন বুঝবেন, কেন একে “King” বলা হয়!