09/07/2026
আমার প্রস্থানের পর,
যদি কোনোদিন আকাশ
তার শুভ্র মেঘের খেরোখাতায় ঠিকানা লিখে
আমার পরিত্যক্ত এপিটাফে
সুখের তালপাতার চিঠি পাঠায়,
কিংবা সুখেরা যদি ফিনিক্স হয়ে আসে,
তবে ফিনিক্সকে খাঁচায় বন্দি কোরো না।
সেই তালপাতার চিঠি ছিঁড়ে ফেলে দিও না।
সুখগুলো অবলীলায় উড়িয়ে দিও
শহরতলীর ধূলিধূসরিত শিরা-উপশিরায় —
যেখানে ক্ষুধা মাকড়সার জাল বোনে,
যেখানে দেয়ালে দেয়ালে ঝুলে থাকে
অগণিত মৃত স্বপ্নের শব।
সেই সুখগুলোকে বিলিয়ে দিও।
যত্ন করে ছড়িয়ে দিও
প্যান্ডোরার বাক্স খুলে দেওয়ার মতো।
যেন প্রমিথিউসের আগুনের মতো,
এক হাত থেকে আরেক হাতে যায়।
হয়তো সেই বিতরণেই
মৃত স্বপ্নের পুনর্বাসন হবে।
আর বহুদিনের প্লেগ-কবলিত,
মমির মতো পড়ে থাকা এই নগরী
লক্ষ জোনাকির মিছিল হয়ে
জেগে উঠবে।
© Aeterna Errans