17/04/2025
জনৈক শায়খ বলেন, একদিন আমি ওপেন হার্ট সার্জারিতে ভর্তি হলাম। অপারেশনের পর একদিন চিৎ হয়ে বেডে শুয়ে আছি। একজন নার্স আমাকে চেকআপ করছিল। যখন সে মেশিনে তাকাল তখন সে আমার অবস্থা দেখে আতঙ্কে কেঁপে উঠল। সে অন্য আরেকজন নার্সকে ডেকে আনল। তারপর ডাক্তারকেও ডাকা হলো। আমি বুঝতে পারছিলাম না কী হচ্ছে? তবে অনুমান করলাম, বড় কোনো বিপদ হয়েছে। কিছুক্ষণ পর আমার চারপাশে ডাক্তার-নার্স মিলে ১৪ জন উপস্থিত হলেন। তারা সকলে মিলে জরুরি ভিত্তিতে বড় ডাক্তারকে ডেকে আনল। তিনি মেশিনে তাকিয়ে তার সহকর্মীদের সঙ্গে কথা বললেন। তারপর আমাকে বললেন, হে শায়খ, ওখানে আপনার হৃৎপিণ্ডের পাশে রক্ত জমাট বেঁধে আছে। তা দূর করতে হবে। আমরা আপনাকে আবারও আরেকবার অপারেশন টেবিলে নিতে বাধ্য হচ্ছি। আমি বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নাড়িয়ে তার কথায় সম্মতি জানালাম। ডাক্তার অতি দ্রুত অপারেশন থিয়েটারে চলে গেলেন। নার্সরা সরঞ্জামাদি প্রস্তুত করা শুরু করল। হঠাৎ এক লেবাননি নার্স আমাকে বলল, হে সালেহ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দেবেন।
তার কথা আমার হৃদয়ে রেখাপাত করল। আমি তখনই পড়া শুরু করলাম, 'আল্লাহুম্মা সল্লি আলান নাবিয়্যি ওয়া আলিহি'। ধীরে ধীরে রক্ত সরে গেল। যা মেশিনে স্পষ্ট দেখা যাচ্ছিল। আশপাশের লোকজন কী হচ্ছে এটা দেখে হতভম্ব হয়ে গেল। তারা বড় ডাক্তারকে এই দৃশ্য দেখার জন্য ডেকে আনল। তিনি এসে দেখলেন আর বললেন, হে শায়খ, আমরা যে জন্য প্রস্তুত হচ্ছিলাম, আল্লাহ তাআলা তা করে দিয়েছেন। আজ যা ঘটল, তার কারণে আমি অত্যন্ত বিস্মিত। যে লেবানিজ নার্স আমাকে বলেছিল, হে শায়খ, দরুদ পড়ুন, আল্লাহ আপনাকে মুক্তি দেবেন। তার পোশাক দেখে মনে হচ্ছিল, সে আল্লাহকে চেনে না। কিন্তু সে কঠিন বিপদের মুহূর্তে দরুদের মাধ্যমে আমার জন্য মুক্তি পাওয়ার দরজা খুলে দিয়েছিল।
[নারী-জীবনের সুখ-সংগ্রাম : ১৮২]