10/09/2026
জয়পুরহাট থেকে জাপান: পাবলিক সার্ভিসে প্রথম বাংলাদেশি 🇧🇩🇯🇵
জয়পুরহাটের হাবিব আহসান জাপানের প্রিফেকচারাল গভর্নমেন্টের পাবলিক সার্ভিসে প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে যোগ দিচ্ছেন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের সন্তান হাবিব আহসান জাপানে উচ্চশিক্ষা শেষে এবার দেশটির একটি প্রিফেকচারাল গভর্নমেন্টের আন্তর্জাতিক নীতি বিভাগে Foreign Coordinator হিসেবে যোগ দিতে যাচ্ছেন।
হাবিব আহসান রতনপুর, পাঁচবিবি, জয়পুরহাটের বাসিন্দা। তাঁর বাবা বাবর আলী রতনপুর উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। হাবিবের শিক্ষাজীবনের পথচলা শুরু হয় তাঁর প্রিয় রতনপুর উচ্চ বিদ্যালয় থেকেই। স্কুলজীবন থেকেই তিনি পড়াশোনায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন এবং বাংলাদেশের বোর্ড পরীক্ষাতেও সর্বোচ্চ ফলাফল অর্জনের ধারাবাহিকতা বজায় রাখেন।
শিক্ষাজীবনের পর তাঁর সামনে আসে নতুন একটি সুযোগ—Merchant Navy-তে Officer Cadet হিসেবে যোগদান। তবে শেষ পর্যন্ত সেই ক্যারিয়ার বেছে না নিয়ে জাপানে উচ্চশিক্ষার স্বপ্নকে সামনে রেখে তিনি ভর্তি হন Ritsumeikan Asia Pacific University (APU)-তে।
জাপানের এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের School of Asia Pacific Management-এর International Management বিভাগ থেকে সম্প্রতি তিনি স্নাতক সম্পন্ন করেছেন।
শিক্ষাজীবনের এই অর্জনের পর এবার তাঁর ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি জাপানের একটি Prefectural Government-এর Department of International Policy-তে বিদেশি ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহাবস্থান বিষয়ে কাজ করবেন।
হাবিবের ভাষ্য অনুযায়ী, তিনি প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে জাপানের একটি Prefectural Government-এর Public Service-এ কাজ করার সুযোগ পাচ্ছেন। তাঁর জন্য এটি যেমন একটি ব্যক্তিগত অর্জন, তেমনি জাপানে বসবাসরত বাংলাদেশি ও অন্যান্য বিদেশি নাগরিকদের জন্যও একটি অনুপ্রেরণার বিষয়।
সরকারি চাকরির পাশাপাশি হাবিব Study Abroad Analyst ও Content Creator হিসেবেও কাজ করছেন। জাপানে উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপ ও ক্যারিয়ারসংক্রান্ত তথ্য নিয়ে তাঁর পরিচালিত YouTube চ্যানেল “Japan Mama” ইতোমধ্যে ১০ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছে।
নিজের এই পথচলা সম্পর্কে হাবিব বলেন, তাঁর সবচেয়ে বড় ইচ্ছাগুলোর একটি হলো নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের, বিশেষ করে জয়পুরহাটের তরুণদের, জাপানে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সঠিক তথ্য ও দিকনির্দেশনা দেওয়া।
তিনি বলেন, জয়পুরহাটের কোনো শিক্ষার্থী যদি জাপানে পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপ কিংবা জাপানে শিক্ষাজীবন ও ক্যারিয়ার সম্পর্কে জানতে চান, তাহলে তিনি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু সম্ভব, তিনি শিক্ষার্থীদের বিনামূল্যে সহযোগিতা ও তথ্য দেওয়ার চেষ্টা করবেন।
রতনপুরের একটি সাধারণ পরিবার থেকে শুরু করে জাপানের বিশ্ববিদ্যালয়, এরপর জাপানের সরকারি সেবায় কাজের সুযোগ—হাবিব আহসানের এই পথচলা জয়পুরহাটের তরুণ প্রজন্মের জন্য নিঃসন্দেহে একটি অনুপ্রেরণার গল্প।
রতনপুর থেকে জাপান—স্বপ্নের এই যাত্রা যেন আরও অনেক তরুণের পথ দেখায়। 🇧🇩❤️🇯🇵