13/08/2026
শিক্ষা মানে শুধু সার্টিফিকেট নয়
মানুষ যখন প্রথম বিদ্যালয়ের চৌকাঠ পেরিয়ে আসে, তখন তার মনে হয় যেন সে জ্ঞানের এক বিশাল সমুদ্র অতিক্রম করে ফেলেছে। কিন্তু বাস্তবে সে হয়তো কেবল সেই সমুদ্রের তীরে দাঁড়িয়ে দূরের ঢেউগুলোর দিকে তাকিয়ে আছে মাত্র।
আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদেরকে যা শেখায় তা এক ধরনের মানচিত্র মাত্র। মানচিত্র জানা আর ভ্রমণ করা কখনো সমতুল্য নয়। যে মানুষ কেবল মানচিত্র মুখস্থ করে সন্তুষ্ট থাকে, সে কখনো জানতে পারে না পথের ধুলো কেমন, বৃষ্টিতে ভেজা মাটির গন্ধ কেমন, কিংবা একাকী রাত্রিতে তারার নিচে দাঁড়িয়ে নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করার অনুভূতিটা কেমন।
আমি বহুবার ভেবেছি প্রকৃত শিক্ষা কি আদৌ কোনো প্রতিষ্ঠান বা ডিগ্রী এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে? যে মানুষ কষ্ট সহ্য করেছে, যে রাত জেগে নিজের ভুলগুলো নিয়ে ভেবেছে, যে একটি বই পড়ে সারারাত ঘুমাতে পারেনি সেই মানুষের অন্তরে যে জ্ঞান জন্ম নেয় তা কোনো পরীক্ষার খাতার মাধ্যমে মূল্যায়ন করা সম্ভব না।
স্ব-শিক্ষার জ্ঞান এমনভাবে বেড়ে ওঠে যেমন গাছের শিকড় মাটির গভীরে নিঃশব্দে বিস্তার লাভ করে এবং কেউ তা দেখতে পায় না অথচ সেই শিকড়ের ওপরই দাঁড়িয়ে থাকে সমগ্র বৃক্ষের অস্তিত্ব।
একটি বিষয় মনে রাখা প্রয়োজন প্রাতিষ্ঠানিক ডিগ্রি আপনাকে হয়তো একটা চাকরি পাইয়ে দিতে পারে বা প্রাতিষ্ঠানিক শিক্ষা মনের একটা ভিত্তি হয়তো গড়ে দিতে পারে, কিন্তু সেটাই আপনার শিক্ষার শেষ কথা নয়।
শ্রেণিকক্ষে যা শেখানো হয় তা মূলত একটি বুনিয়াদি কাঠামো মাত্র। প্রকৃত শিক্ষার সূচনা হয় তখনই যখন আপনি শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে নিজে থেকে প্রশ্ন করতে এবং শিখতে শুরু করেন।
কেন এমনটা ঘটে? এটি প্রকৃতপক্ষে কীভাবে কাজ করে? এই ধরনের প্রশ্নই আপনাকে প্রকৃত জ্ঞানের দিকে নিয়ে যায় যা কোনো নির্দিষ্ট সিলেবাস এর পক্ষে কখনোই সম্ভব নয়।
একটু ভেবে দেখুন বিদ্যালয়ে আপনাকে বলে দেওয়া হয় কী পড়তে হবে, কবে পরীক্ষা হবে, কত নম্বর পেলে আপনাকে মেধাবী বলা হবে। কিন্তু যখন আপনি নিজের কৌতূহল থেকে একটি বই তুলে নেন কারো নির্দেশ ছাড়াই তখন সেই শেখার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন রকম অনুভূত হয়, তাই নয় কি?
কেউ বাধ্য করছে না তবুও আপনি শিখছেন কারণ আপনি সত্যিকার অর্থেই জানতে আগ্রহী। এই স্বতঃস্ফূর্ত শেখার অভ্যাসই প্রকৃতপক্ষে সারাজীবন আপনাকে এগিয়ে নিয়ে যায়। ডিগ্রি একসময় শেষ হয়ে যায়, কিন্তু এই অভ্যাস এই শিক্ষা কখনো শেষ হয় না।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কেবল তথ্য জানা মানেই জ্ঞানী হওয়া নয়। আপনি হয়তো হাজারো তথ্য মুখস্থ করতে পারেন কিন্তু সেই তথ্যগুলো জীবনে কীভাবে প্রয়োগ করবেন, মানুষকে কীভাবে বুঝবেন, ভুল থেকে কীভাবে শিক্ষা নেবেন এটিই প্রজ্ঞা।
মনে রাখা দরকার বিদ্যা আর প্রজ্ঞা এক জিনিস নয়। বিদ্যা আমাদের তথ্য দেয় আমাদের মস্তিষ্ককে ভরে তোলে বিভিন্ন উপাত্তে। কিন্তু প্রজ্ঞা জন্মায় কষ্টের ভেতর দিয়ে, আত্মদর্শনের ভেতর দিয়ে, নিজের সীমাবদ্ধতা স্বীকার করার ভেতর দিয়ে।
প্রজ্ঞা সরাসরি কোনো বই থেকে আসে না বরং তা আসে অভিজ্ঞতা থেকে, গভীর চিন্তাভাবনা থেকে এবং সেই চিন্তাগুলোকে বারবার যাচাই করে দেখার মধ্য দিয়ে।
যে মানুষ নিজেকে প্রশ্ন করতে শেখে না, নিজে জ্ঞান অর্জন করতে শেখে না সে যত ডিগ্রিই অর্জন করুক না কেন, তার অন্তর থেকে যায় শূন্য, অন্ধকার এক কক্ষের মতো যেখানে অনেক বই সাজানো আছে বটে, কিন্তু কোনো আলো নেই সেগুলো পড়ার জন্য।
তাই আমি বলবো আপনি যদি সত্যিকারের মানুষ হতে চান তবে কেবল সিলেবাসের সীমানায় নিজেকে বেঁধে রাখবেন না। প্রশ্ন করুন, সন্দেহ করুন, নিজের বিশ্বাসগুলোকে বারবার যাচাই করুন।
জীবনের প্রতিটি ব্যর্থতা, প্রতিটি নিঃসঙ্গ মুহূর্ত, প্রতিটি নির্ঘুম রাত্রি, যে বই আপনাকে গভীরভাবে ভাবায়, যে চিন্তা আপনাকে রাতভর জাগিয়ে রাখে এগুলোই আপনার প্রকৃত শিক্ষা হতে পারে।
একজন স্ব-শিক্ষিত মানুষ কেবল পরীক্ষায় পাস করা বা সমাজের বাহবা পাওয়ার জন্য পড়াশোনা করে না বরং সত্যে ও জ্ঞানের প্রতি এক অতৃপ্ত অনুরাগ ও শ্রদ্ধা থেকে তা করে। আপনি যখন নিজের শিক্ষার পূর্ণ দায়িত্ব নিজে গ্রহণ করবেন তখন একটি নতুন বিশ্ব আবিস্কার করবেন।
জ্ঞান অর্জন করুন, স্ব-শিক্ষায় শিক্ষিত হোন, এবং একজন আদর্শ মানুষ হয়ে উঠুন।
--- আহনাফ হাসান আলভী
--- ১৩ আগস্ট, ২০২৬