17/08/2026
ব্যবস্থাপনা পরিচালক (সচিব) এ কে এম ফজলুজ্জোহা ১২ই আগস্ট ২০২৬, বুধবার, চাঁদপুর জেলার উপজেলাধীন ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়নের এনায়েত নগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।
আকস্মিক এই পরিদর্শনকালে তিনি ক্লিনিকের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখেন এবং পরিদর্শন বইয়ে নিজের মূল্যবান মতামত ও নির্দেশনাগুলো লিপিবদ্ধ করেন।" তিনি লিখেছেন—
“কমিউনিটি ক্লিনিকে গিয়ে সিএইচসিপি জনাব মো. আজহারুল ইসলাম সানীকে উপস্থিত পাওয়া যায়। জানা যায়, জানুয়ারি ২০২৬ থেকে এখানে পরিবার কল্যাণ সহকারী হিসেবে কেউ দায়িত্ব পালন করছেন না। স্বাস্থ্য সহকারী মিজ শিউলী আক্তার মাসে ১ বার ইপিআই টিকা প্রদানের সময় ক্লিনিকে উপস্থিত থাকেন। এ বিষয়ে সিভিল সার্জন, চাঁদপুর এবং উপপরিচালক, পরিবার পরিকল্পনা, চাঁদপুর-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো। আজ এ পর্যন্ত ১৯ জন সেবাগ্রহীতা ক্লিনিকে এসেছেন। রেজিস্টার দেখে জানা যায়, গতকাল ১১/০৮/২০২৬ তারিখে সাধারণ রোগী ৬০ জন, গর্ভবতী ৮ জন এবং শিশু ১৯ জনসহ মোট ৮৭ জন সেবা গ্রহণ করেছেন। গত ১০/০৮/২০২৬ তারিখে সর্বশেষ ওষুধ গ্রহণ করা হয়েছে। সিএইচসিপি জানান, ওষুধ সংগ্রহের পর সেবাগ্রহীতাদের উপস্থিতি বৃদ্ধি পায়। বর্তমানে বেনজোয়িক অ্যাসিড, অয়েন্টমেন্ট, ক্লোরফেনিরামিন ট্যাবলেট, ক্যালসিয়াম ল্যাকটেট এবং ভিটামিন বি-কমপ্লেক্স জাতীয় ওষুধের চাহিদা বেশি। ক্লিনিকটি পরিচ্ছন্ন রাখার বিষয়ে এবং রেজিস্টারসমূহ যথাযথভাবে পূরণের ক্ষেত্রে সিএইচসিপি আরও যত্নশীল থাকবেন।”
*স্বাক্ষরিত*
১২ আগস্ট ২০২৬ খ্রিঃ
*এ কে এম ফজলুজ্জোহা*
ব্যবস্থাপনা পরিচালক (সচিব)
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট