05/12/2025
জীবন সঙ্গী আর সোলমেট— কি একই জিনিস?
আসলে আমরা নিজেই অনেক সময় ঠিক বুঝে উঠতে পারি না এই দু’টির পার্থক্য।
জীবন সঙ্গী হলো সেই মানুষ, যার সাথে দায়িত্ব–কর্তব্য, পারা–না পারা, রাগ–অভিমান, সমঝোতা আর সামাজিক সম্পর্কের গণ্ডি মেনে পুরো জীবনটা একসাথে কেটে যায়।
সেখানে থাকে নিয়ম, শৃঙ্খলা, কর্তব্য—
ভালোবাসা থাকুক বা না থাকুক,
ভালোলাগা থাকুক বা না থাকুক,
চাইলে বা না চাইলে—হাত ধরে পথে চলতেই হয়।
একটা পুরো জীবন পার করেও সেই মানুষটি হয়তো আপনাকে ঠিকভাবে চিনলো না, বুঝলো না; হয়তো চেষ্টা করেও কখনো আপনাকে অনুভব করতে শিখলো না।
অভিযোগ জমে জমে পাহাড় হয়—
তবুও দায়িত্বের খাতিরে সম্পর্কটা টিকে থাকে।
সময় শেষে যখন পাশে কেউ থাকে না, তখন সেই জীবন সঙ্গীটিই থাকে, কিন্তু থাকার মাঝেও থাকে এক অদৃশ্য দূরত্ব।
কারণ সে আপনাকে আত্মা দিয়ে কখনোই ছুঁতে পারেনি…
যদিও তারই উচিত ছিল আপনার আত্মার আত্মা হয়ে ওঠা।
এভাবেই দায়িত্ব আর কর্তব্যে ভর করে একটা জীবন কেটে যায়, কিন্তু আত্মার সম্পর্ক হয়ে ওঠে না কখনোই।
---
এবার আসি সোলমেট-এ।
সোলমেট হলো সেই মানুষ—
যাকে আপনি কারণ ছাড়াই আত্মা দিয়ে অনুভব করেন।
যে আপনাকে দোষে জাজ করেনা,
যে আপনার জন্য চুপিচুপি দোয়া করে,
যে আপনাকে ভালোবাসতে কোনো যুক্তি খোঁজে না।
সে আসে আপনার জীবনে খুব সামান্য সময়ের জন্য,
কিন্তু সেই সময়টুকু আপনার পুরো জীবনটাই সুন্দর করে সাজিয়ে রাখে।
সে হয়তো আপনার জীবনের অংশ হয়ে থাকতে পারেনা,
তবুও থাকে আপনার হৃদয়ের গভীরে একান্ত জায়গায়।
দূরে থেকেও সে দূরে নয়—
প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে
যখনই মনে পড়ে,
ঠোঁটের কোনে হালকা হাসি চলে আসে।
সোলমেটের প্রতি থাকে না কোনো অভিযোগ,
থাকে না কোনো দাবি—
থাকে শুধু নিখাদ, নির্মল, আকুল ভালোবাসা।
সোলমেটকে কোনো সামাজিক সংজ্ঞায় বাঁধা যায় না।
তারা প্রেমিক–প্রেমিকার চেয়েও বেশি,
সম্পর্কের চেয়েও গভীর,
এমন এক বন্ধন—
যেখানে আত্মা ছুঁয়ে যায় আত্মাকে।
তাদের ভালোবাসা পেতেই হবে এমন নয়,
না পেয়েও তাদের অসীমভাবে ভালোবাসা যায়।
কারণ সোলমেট যে অনুভূতি দেয়,
তার প্রতিফলন পুরো জীবনটাই থেকে যায়—
স্মৃতির আলো, অনুভূতির ছায়া হয়ে।
সোলমেট আছে, ছিল, থাকবে—
জীবনের সেই অনন্ত অনুভূতি হয়ে।