18/06/2026
“ছেলেকে দামী স্কুলে দিয়েছি, ভালো প্রতিষ্ঠানে দিয়েছি—ভেবেছিলাম ওর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিন্তু আমার বাবা কেন লাশ হয়ে প্রতিষ্ঠান থেকে বের হবে?”—নিহত মেহেদির মায়ের এই আর্তনাদ শুনে হৃদয় ভারী হয়ে যায়। একজন মায়ের কতটা কষ্ট, কতটা অসহায়ত্ব আর বেদনা জমে থাকলে তিনি এমন কথা বলতে পারেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
আমার ছেলে বর্তমানে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। আমিও ভাবতাম, ষষ্ঠ শ্রেণি থেকে তাকে কোনো ভালো স্কুলে ভর্তি করাব, যেখানে হোস্টেল সুবিধা আছে। কারণ আমরা গ্রামে থাকি, আর আমাদের এলাকায় মানসম্মত কোনো স্কুল নেই। সন্তানের ভালো শিক্ষার জন্য হোস্টেলই একমাত্র ভরসা মনে হতো।
কিন্তু এমন সংবাদ দেখার পর মনে ভয় কাজ করে। বারবার মনে প্রশ্ন জাগে—আমাদের সন্তানরা আসলে কোথায় নিরাপদ? যেসব প্রতিষ্ঠানের কাছে আমরা সন্তানের ভবিষ্যৎ ও নিরাপত্তা দুটোই তুলে দিই, সেখানেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে একজন অভিভাবক হিসেবে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাও এখন সবচেয়ে বড় প্রয়োজন।