26/03/2026
আমরা সারাজীবন একটা 'তারপর'- এর জন্য অপেক্ষা করি।
পরীক্ষাটা শেষ হলে তারপর, শান্তি।
চাকরিটা পেলে তারপর জীবন শুরু।
একটু গুছিয়ে নিলে তারপর নিজেকে সময় দেব।
সব ঠিকঠাক হলে তারপর সুখী হব।
এই 'তারপর' একটা দিগন্তরেখার মতো - যত এগোই, ততই পিছিয়ে যায়।আমরা ভাবি একটা নির্দিষ্ট বিন্দুতে পৌঁছালে তারপর জীবন শুরু হবে, আর তখনই আমরা নিশ্বাস নিতে পারব।
কিন্তু জীবনটা আসলে সেই অপেক্ষার ফাঁকেই কেটে যায়।
যে বিকেলে আপনি বারান্দায় বসে চায়ে চুমুক দিচ্ছিলেন, অথচ মাথায় চলছিল কালকের কাজের লিস্ট- ওটাই ছিল জীবন। যে রাতে বন্ধুর মেসেজে হুট করে হেসে ফেলেছিলেন, অথচ মনটা ভারী ছিল- ওটাই আসলে জীবন। যে মুহুর্তে কেউ কিছু না করেও পাশে বসে ছিল - ওটাও জীবন।
আমরা ভাবি, জীবনের বড় দৃশ্যগুলো- সাফল্য, অর্জন, নিশ্চিতি-এসবই আসল।অথচ আমাদের অস্তিত্বের সবচেয়ে সত্যি অংশটা লুকিয়ে থাকে ছোট ছোট অসম্পূর্ণ মুহুর্তে, যেগুলোকে আমরা তারপর বলে সরিয়ে রাখি।
একদিন টের পাই, যে 'তারপর' এর জন্য আমরা অপেক্ষা করছি সেটা কখনো আসেনি। এসেছে নতুন ব্যাস্ততা, নতুন দুশ্চিন্তা, নতুন তারপর। আর ততদিনে সে ছোট ছোট মুহুর্ত গুলো, যেগুলো আসলেই আমাদের ছিল- তা ফুরিয়ে গেছে।
জীবনটা কোনো গন্তব্য নয়,এটা সেই পথ, যেটার উপর দিয়ে হাটতে হাটতে আমরা ভাবি, আরেকটু পরে শুরু হবে।
-Rifat Al Mehedi