15/06/2026
খোদা জিন্দেগী দিলেন একখান।
হার ওয়াক্ত গুনাহ করি, পরের মূহুর্তে গাফলতির বেদনায় মুষড়ে মরি।
হার রোজ ৫ ওয়াক্তই নামায পড়ি, আবার বোধহয় অবহেলাও কইরা ফেলি।
'মেরা দিল বাদাল দে'র সূর জানি বটে, তবে দিল বাদাল হইতে গিয়াও আর হয় না। খানিকটা পৌঁছতে গিয়াও আর পৌঁছায় না।
ক্ষণে ক্ষণে মনে পড়ে সেই মোহর পড়ে যাওয়া কওমের কিসসা। নিজেরাও মোহরে আটকাইয়া গেলাম কীনা সেই ভয় আস্ত গিলে খেয়ে ফেলে।
খোদা জিন্দেগী দিলেন একখান।
প্রতি মিনিটে একবার যিকির এলে দশবার আসে শয়তানী চিন্তা।
আবার নির্লজ্জ বেশরমের মতো বেলা শেষে গিয়ে তাওবায় লুটি শুধু এই আশায় যে খোদার রহমত তার রাগের চাইতেও শক্তিশালী।
মাঝেসাঝে অবশ্য মনে হয়, খোদার সাথে এমন মশকরা, এ কি খোদা সইবেন?
বারবার পা পিছলায়ে হুমড়ি খেয়ে পড়ি দুনিয়ার কাদায়, মাখায়ে ফেলি ধবধবে সাদা আলখাল্লাটা। এরপর কাঁদতে কাঁদতে নির্বোধ, বেহায়ার মতো সেই কাদামাখা আলখাল্লা হাতে খোদার দরবারে ফিরে দাঁত কেলায়ে বলি ধুইয়া সাফ কইরা দিতে।
খোদা পরম মমতায় প্রতিবার ধুইয়া দেন তার খানসামাদের হুকুম দিয়া। কিন্তু তাও, কোথাও একটা ভয় থেকেই যায়, আর কতদিন এভাবে?
খোদা জিন্দেগী দিলেন একখান।
পথ হারাইয়া, ক্লান্ত হইয়া, সব হাতছাড়া হইলে পরে চুপিসারে সিজদায় গিয়া কাইন্দা খোদারে বলি আমার সব শ্যাষ।
খোদা এরপর সব ফিরাইয়া দিলে তারে ভুইলা অথৈয়ে হারাই।
আঁধার ঘরে যখন কবরের আতংক ঠাইসা ধরে, বিড়বিড় করে তারে ডাকি, কিন্তু সময় ভালো পাইলে কবর ভুইলা দুইন্নায় মেতে যাই।
প্রেমকে এভাবে অবহেলা করলে আর কয়দিন প্রেম থাকবে?
খোদা জিন্দেগী দিলেন একখান।
প্রেম হারানোর মতো কাম কইরা আবার বেকুব হইয়া জিগাই আমার প্রেম কই।
বহত খুশবুদার ইয়ে জিন্দেগী।
খুশবুটা জান্নাত না জাহান্নামের, সেই ভয়টাই বান্দার ঈমান আঁকড়ে থাকার শেষ চেষ্টা।
Copy.