26/08/2026
কালকিনিতে মোবাইল ছেড়ে পড়াশোনায় মনোযোগ, ৮ শিক্ষার্থী পেল পুরস্কার
রিপোর্টার:- আবির হাসান পারভেজঃ
বর্তমান সময়ে শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে। এরই মধ্যে মোবাইল ফোন থেকে দূরে থেকে ছুটির সময় নিয়মিত পড়াশোনা করায় আট শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ব্যতিক্রমী এ উদ্যোগে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।
মাদারীপুরের কালকিনি উপজেলার মাছ বাজার সংলগ্ন আল-হেরা মদিনাতুল উলূম মাদ্রাসায় এ শিক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে সাত দিনের ছুটিতে থাকা শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থেকে নিয়মিত পড়াশোনা ও নির্ধারিত শিক্ষামূলক কার্যক্রমে মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করা হয়। ছুটি শেষে শিক্ষার্থীদের কার্যক্রম পর্যালোচনা করে ভালো ফল ও নিয়ম-শৃঙ্খলা মেনে চলা আট শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
বুধবার বিকেলে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন, চার শিক্ষার্থীর হিফজ সবক গ্রহণ এবং মাসিক পড়ায় নির্ধারিত ছক সফলভাবে শেষ করায় সাত জন শিক্ষার্থীকে বই ও শিক্ষা সামগ্রী পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, মোবাইল ফোনের প্রতি আসক্ত না হয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার মাধ্যমে তারা আরও ভালো ফলাফল করতে চায়। মাদ্রাসা কর্তৃপক্ষের এমন উদ্যোগ তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়েছে বলেও জানায় তারা।
অভিভাবকরাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, শিশু-কিশোরদের হাতে দীর্ঘ সময় মোবাইল ফোন থাকলে পড়াশোনায় মনোযোগ কমে যাওয়ার পাশাপাশি নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোবাইলের অপব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে রাখার এমন উদ্যোগ নিয়মিত নেওয়া প্রয়োজন।
মাদ্রাসা শিক্ষকরা বলছে, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং শৃঙ্খলা, নৈতিকতা ও সময়ের সঠিক ব্যবহার শেখানোও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমিয়ে পড়াশোনা ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহী করে তোলাই তাদের লক্ষ্য।
মাদ্রাসা প্রধান হাফেজ হাসান বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়ায় ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রাখছি।